স্পেন ম্যাচের ‘স্পার্কে’ নতুন আশায় জার্মানি
বিশ্বকাপে টানা দুই ম্যাচে জয়শূন্যতার পরও হান্স ফ্লিক বললেন, সঠিক পথে আছে তার দল।
পরাজয়ে আসর শুরুর পর স্পেনের বিপক্ষেও একটা পর্যায়ে হারের শঙ্কায় পড়েছিল জার্মানি। সেখান থেকে শেষ মুহূর্তের গোলে ১ পয়েন্ট পেয়ে শেষ ষোলোর ফিকে হয়ে পড়া সম্ভাবনা কিছুটা উজ্জ্বল করে দলটি। স্প্যানিশদের বিপক্ষে দলের লড়াকু মানসিকতার খুশি কোচ হান্স ফ্লিক। তার বিশ্বাস, সামনে এগিয়ে চলার রসদ তারা পেয়ে গেছেন।
‘ই’ গ্রুপে স্পেন ও জার্মানির মধ্যে রোববারের হাইভোল্টেজ ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। বদলি নেমে লুইস এনরিকের দলকে ৬৩তম মিনিটে এগিয়ে দেন আলভারো মোরাতা। ৮৩তম মিনিটে সমতা টানেন জার্মানির বদলি খেলোয়াড় নিকলাস ফুয়েলখুগ।
এই ড্রয়ের পরও গ্রুপে জার্মানির অবস্থান সুবিধাজনক নয়। ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে তারা। প্রথম ম্যাচে ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়েছিল জাপান। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এশিয়ার দলটি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে কোস্টা রিকা।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন।
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার কোস্টা রিকার বিপক্ষে খেলবে জার্মানি। শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে ফ্লিকের দলকে। আর প্রার্থনা করতে হবে স্পেন-জাপান ম্যাচের ফলাফল যেন নিজেদের পক্ষে আসে।
তবে নিজেদের কাজটা সহজ করার সুযোগ স্পেনের বিপক্ষেই পেয়েছিল জার্মানি। ১-১ সমতা থাকা অবস্থায় শেষের দিকে দলকে এগিয়ে যাওয়ার দারুন সুযোগ এসেছিল লেরয় সানের সামনে। দ্রুত গতিতে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দেন তিনি, কিন্তু বলে শেষ ছোঁয়াটা একটু জোরে হয়ে যায়। ভেস্তে যায় তার জয়ের শেষ চেষ্টা।
ম্যাচের পর ফ্লিক বলেন, জয়ের সুযোগ হাতছাড়া হলেও নিজেদের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। সাবেক বায়ার্ন মিউনিখ কোচের মতে, সঠিক পথেই আছে তার দল।
“ঝুঁকি সম্পর্কে আমরা অবগত ছিলাম। স্পেন ভালো ফুটবল খেলেছে, কিন্তু দুই দলই সমানে সমান ছিল এবং শেষের দিকে আমাদের জয়ের বড় সুযোগ ছিল। কিন্তু এই ব্যাপারগুলো হতেই পারে। আপনি যখন জিততে শুরু করবেন তখন এগুলো আপনার হাতে ধরা দেবে। সম্ভবত এমন একটা স্পার্ক আমাদের প্রয়োজন ছিল।”
“দল কঠিন লড়াই করেছে এবং তাদের মানসিকতায় আমি খুব সন্তুষ্ট। আমরা এমনটাই দেখতে চাই। (শেষ ষোলোর পথে) আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি বলেই আমার বিশ্বাস।”
