টানা জয় আবাহনীর, ড্র ব্রাদার্সের
বাংলাদেশ ফুটবল লিগে একটু একটু করে স্বরূপে ফিরছে আবাহনী লিমিটেড।
পয়েন্ট খুইয়ে লিগ শুরু করা আবাহনী লিমিটেড জয়ের ধারা ধরে রেখেছে। চট্টগ্রাম সিটিকে সহজে হারিয়ে লিগ টেবিলেও লড়াই জমিয়ে তোলার পথেই আছে তারা। আবাহনীর জয়ের দিনে পয়েন্ট ভাগাভাগি হয়েছে বাকি দুই ম্যাচে।
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শনিবার চট্টগ্রাম সিটিকে ৩-০ গোলে হারায় আবাহনী। ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ২-২ এবং বাংলাদেশ পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি ১-১ ড্র হয়েছে।
টেবিলের নিচের দিকের দল চট্টগ্রাম সিটির বিপক্ষে ভালো শুরু পায় আবাহনী। ষষ্ঠ মিনিটে অ্যান্থনি ওকাচির শট আটকালেও মাইকেল বাবাতুন্দের ফিরতি শট আটকাতে ব্যর্থ গোলকিপার বাপ্পী হাসান।
প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুল্লাহ ওমার সজীবের পাস থেকে নিখুঁত শটে জাল কাঁপান ওকাচি। দ্বিতীয়ার্ধের শুরুতে আল আমিন ব্যবধান বাড়ান আরও। তিন ম্যাচে টানা দুই জয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে আছে আবাহনী।
এদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে ৩০তম মিনিটে রাব্বী হাসানের গোলে এগিয়ে যায় পুলিশ এফসি। প্রথমার্ধের যোগ করা সময়ে আরামবাগকে সমতায় ফেরান জয় ত্যানচ্যাঙ্গাই। পয়েন্ট হারালেও চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পুলিশ এফসি।
তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। আবাহনীর মতোই ৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ফর্টিস এফসি তৃতীয় ও বসুন্ধরা কিংস চতুর্থ স্থানে আছে।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটে দূরপাল্লার শটে জামাল ভূঁইয়া এগিয়ে নেন ব্রাদার্স ইউনিয়নকে। ১৯তম মিনিটে পেনাল্টি থেকে রহমতগঞ্জকে সমতায় ফেরান অভিষেক লিম্বু।
বিরতির আগে সৈয়দ রেজার গোলে ব্রাদার্স এগিয়ে যায় আবারও। কিন্তু দ্বিতীয়ার্ধে সাজ্জাদ হোসেনের গোলে হার এড়ায় রহমতগঞ্জ। চার ম্যাচে এটি রহমতগঞ্জের তৃতীয় এবং ব্রাদার্সের দ্বিতীয় ড্র। এই দুই দল জয় পায়নি এখনও।
