নেইমারদের কোচ হতে গুয়ার্দিওলাকে ‘প্রস্তাব’ দিয়েছিল ব্রাজিল
এখন ‘ব্রাজিলিয়ান গুয়ার্দিওলা’ খ্যাত ফের্নান্দো দিনিসের দিকে সিবিএফের নজর দেওয়া উচিত বলে মনে করেন রোনালদো।
তিতে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকে নতুন কোচ খুঁজতে হচ্ছে ব্রাজিলকে। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) যোগাযোগ করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক স্ট্রাইকার রোনালদো। তবে ইংলিশ ক্লাবটির সঙ্গেই চুক্তি নবায়ন করতে আগ্রহী ছিলেন এই স্প্যানিশ কোচ।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে গত শুক্রবার ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হারের পর শেষ হয়ে গেছে ব্রাজিলের কোচ হিসেবে তিতের অর্ধ যুগের পথচলা। ৬১ বছর বয়সী তিতে গত ফেবুয়ারিতেই জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপের পর আর দায়িত্বে থাকবেন না তিনি।
গত এপ্রিলে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়, তিতের স্থলাভিষিক্ত হওয়ার জন্য গুয়ার্দিওলার এজেন্টের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চার বছরের চুক্তিতে গুয়ার্দিওলাকে বাৎসরিক ১ কোটি ২০ লাখ ইউরো বেতন দিতেও নাকি রাজি ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
পরে অবশ্য পুরো বিষয়টিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দেন গুয়ার্দিওলা। গত মাসে সিটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি বাড়ান তিনি। বিশ্বকাপ জয়ী তারকা রোনালদো রোববার তার ইউটিউব চ্যানেলে বলেন, এই চুক্তি নবায়নের আগে সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচের সঙ্গে যোগাযোগ করেছিল সিবিএফ।
“গুয়ার্দিওলার প্রতি আগ্রহ ছিল। বিষয়টি গুয়ার্দিওলার কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করা হয়েছিল, কিন্তু তিনি সিটির সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিলেন। তার সঙ্গে সিবিএফের চুক্তি করা কঠিন হবে; তিনি বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী কোচ।”
রোনালদো মনে করেন, এখন ‘ব্রাজিলিয়ান গুয়ার্দিওলা’ খ্যাত ফের্নান্দো দিনিসের দিকে মনোযোগ দেওয়া উচিত সিবিএফের। ফ্লুমিনেন্সের প্রধান কোচ ৪৮ বছর বয়সী দিনিসের বল দখলে রেখে খেলানোর কৌশলের জন্য বেশ নামডাক আছে।
