২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গোপনে আলভারেসের সঙ্গে যোগাযোগ করায় বার্সেলোনার শাস্তি

কাতালান ক্লাবটিকে আর্থিক জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

গোপনে আলভারেসের সঙ্গে যোগাযোগ করায় বার্সেলোনার শাস্তি

হুলিয়ান আলভারেস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 11:59 PM

Updated : 28 Oct 2026, 11:59 PM

গ্রীষ্মের দলবদলে ‘নিয়ম ভেঙে’ আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেসকে দলে টানার চেষ্টার ঘটনায় শাস্তি পেয়েছে বার্সেলোনা। মাদ্রিদের ক্লাবটির অভিযোগের ভিত্তিতে কাতালান ক্লাবটিকে ৬০২ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

২০৩০ সালের জুন পর্যন্ত আলভারেসের সঙ্গে চুক্তি রয়েছে আতলেতিকোর। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে নিতে গত গ্রীষ্মের দলবদলে তার সঙ্গে কথা বলে বার্সেলোনা।

তবে খেলোয়াড়ের বর্তমান ক্লাবের সঙ্গে যোগাযোগ না করেই তার সঙ্গে বার্সেলোনা সরাসরি যোগাযোগ করায় ওই সময় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে আতলেতিকো। বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেয় তারা।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে তো বটেই, ফিফার কাছেও অভিযোগ করে আতলেতিকো। তবে বিষয়টি দেখার এখতিয়ার তাদের নেই বলে জানিয়ে দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।

বিধিমালার ১৩৩ ধারায় বার্সেলোনাকে এই শাস্তি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

২০২৬ বিশ্বকাপ চলাকালে এক সাক্ষাৎকারে আলভারেস বলেন, বার্সেলোনার হয়ে খেলার ‘স্বপ্ন পূরণ’ করতে চান তিনি। সেই থেকে ক্লাবের সমর্থকদের রোষানলে পড়েন এই ফুটবলার।

চলতি মৌসুমে ঘরের মাঠে প্রায়ই দর্শকদের দুয়ো শুনতে হয় আলভারেসকে। তবে শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে গোল করার পর গ্যালারির একাংশের দর্শকেরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। আতলেতিকোর সমর্থকদের সঙ্গে তার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, এই ঘটনা যেন তারই ইঙ্গিত।

বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করে যে ভুল করেছেন, তা হয়তো বুঝতে পেরেছেন আগের ম্যাচেও জালের দেখা পাওয়া আলভারেস। তাই সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

“এটা ভুল ছিল। সমর্থকরা কেন ক্ষুব্ধ, সেটা বুঝতে পারছি। আমি যদি সমর্থক হতাম, আমারও রাগ হতো। বিশেষ করে এখানে আসার পর থেকে তারা যেভাবে আমাকে সমর্থন দিয়ে এসেছে, সেটা বিবেচনা করলে।”