‘মরক্কোর সাফল্য দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফল’
আগামীতে বিশ্বকাপে আফ্রিকান দেশগুলো আরও ভালো করবে, আশাবাদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর।
কাতার বিশ্বকাপে অভাবনীয় সাফল্য দেখিয়ে সেমি-ফাইনালে খেলেছে মরক্কো। আফ্রিকার পাশাপাশি কোনো আরব দেশেরও বিশ্ব সেরার মঞ্চে এটি সেরা অর্জন। দলটির পারফরম্যান্সে উচ্ছ্বসিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বললেন, ভাগ্যের সহায়তায় নয়, যোগ্যতা দিয়েই এতদূর এসেছে উত্তর আফ্রিকার দেশটি।
গ্রুপে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মতো দল থাকায় মরক্কোর শেষ ষোলোয় খেলার সম্ভাবনার পক্ষে বাজি ধরার লোক কমই ছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় দলটি। এরপর নকআউট পর্বে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমি-ফাইনালের টিকেট পায় মরক্কো।
শেষ চারে ফ্রান্সের বিপক্ষে অবশ্য আর পেরে ওঠেনি তারা। হেরে যায় ২-০ গোলে। তবে আসরজুড়ে দুর্দান্ত খেলে সবার প্রশংসা কুড়িয়েছে ওয়ালিদ রেগরাগির দল। বিশ্বকাপ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী দলটির সমর্থনও বাড়তে থাকে।
আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে মরক্কো।
আফ্রিকার আরেক দেশ সেনেগালও এবারের আসরে ভালো খেলেছে। ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে খেলে শেষ ষোলোয়। এর আগে সবশেষ ২০০২ বিশ্বকাপে নকআউট পর্বের টিকেট পেয়েছিল দলটি।
দারুণ সাফল্যের জন্য এই দুই দলকে অভিনন্দন জানিয়েছেন ইনফান্তিনো। ফিফা কাউন্সিলের বৈঠকের পর শুক্রবার ফিফা প্রধান বলেন, যোগ্যতা দিয়েই শেষ চারে খেলেছে মরক্কো।
“দারুণ ইচ্ছাশক্তি ও অবিশ্বাস্য মান দেখিয়ে মরক্কো অসাধারণ খেলেছে। কেবল ভাগ্যের জোরে সেমি-ফাইনালে খেলা যায় না, এটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফলাফল।”
“আমি আফ্রিকার অন্য দলগুলোকেও অভিনন্দন জানাতে চাই। সেনেগাল গ্রুপ পর্বের গণ্ডি পার করেছে, যা তারা লম্বা সময় ধরে করতে পারেনি।”
২০২৬ বিশ্বকাপ থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৮-এ। এতে আফ্রিকান দলের সংখ্যাও বাড়বে। ৫২ বছর বয়সী ইনফান্তিনো আশাবাদী, ভবিষ্যতে আফ্রিকান দলগুলো আরও ভালো করবে।
“অনেক দশক ধরে আমরা আফ্রিকান ফুটবলের উন্নয়নের কথা বলে আসছি এবং কখন তাদের সেই সময় আসবে, এই বিষয়েও কথা হতো। আমি মনে করি, তাদের সময় চলে এসেছে। আগামী বিশ্বকাপে আফ্রিকান দল দ্বিগুণ হবে এবং আমি নিশ্চিত, এখন আমরা তাদের কাছ থেকে আরও চমৎকার পারফরম্যান্স আশা করতে পারি।”
