২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্রেফ অংশ নিতে নয়, পারফর্ম করতে এসেছি’

নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বারহল্টার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2022, 01:10 PM

Updated : 20 Nov 2022, 01:10 PM

বাছাই পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া সহজ কাজ নয়। চারবারের শিরোপাজয়ী ইতালি টানা দুবার সেটা করতে পারেনি। এবার বাছাই উতরাতে ব্যর্থ হয়েছে সুইডেন, কলম্বিয়া, চিলির মতো দলগুলোও। এক আসর পর ফিরেছে যুক্তরাষ্ট্র। নিজেদের নিয়ে তাই বেশ আত্মবিশ্বাসী কোচ গ্রেগ বারহল্টার। বললেন, স্রেফ অংশ নিতে নয়, বিশ্ব মঞ্চে সামর্থ্যের জানান দিতে চান তারা।

বিশ্বকাপের পথচলা শুরু হয় ১৯৩০ সালে। উদ্বোধনী আসরে খেলা ১৩ দলের একটি ছিল যুক্তরাষ্ট্র। সেবার সেমি-ফাইনালে খেলেছিল তারা। পরে আরও ৮টি বিশ্বকাপে অংশ নেওয়া দলটির সেটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ অর্জন।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে পারেনি যুক্তরাষ্ট্র বাছাইয়ে আটকে যাওয়ায়। কনকাকাফ অঞ্চল থেকে এবার তারা জায়গা করে নিয়েছে বৈশ্বিক আসরে। ইংল্যান্ড, ইরান ও ওয়েলসের সঙ্গে আছে ‘বি’ গ্রুপে।

১৯৯৪ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র ২০২৬ আসর কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আয়োজন করবে। এর আগে এবার কাতারে নিজেদের একটি ছাপ রেখে যেতে চান দলটির সাবেক ডিফেন্ডার বারহল্টার।

২০০২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা যুক্তরাষ্ট্র দলে ছিলেন তিনি। ২০০৬ আসরেও তিনি ছিলেন স্কোয়াডে, তবে খেলার সুযোগ পাননি। এবার কোচ হিসেবে আছেন তিনি।

বারহল্টারের পূর্বসূরী ইয়ুর্গেন ক্লিন্সমান আট বছর আগে ব্রাজিল বিশ্বকাপে পরিষ্কারভাবে বলেছিলেন, যুক্তরাষ্ট্র শিরোপা জিতবে না। যেটা ছিল বাস্তবসম্মত মূল্যায়ন। তবে অনেকের চোখে তা হেরে যাওয়া মানসিকতা।

শিরোপায় চোখ অবশ্য রাখছেন না বারহল্টারও। ওয়েলসের বিপক্ষে সোমবার লড়বে তার দল। আগের দিন ইএসপিএনকে বললেন, নিজেদের দিনে যেকোনো প্রতিপক্ষকে হারাতে প্রস্তুত তারা।

“আমি যেটা বিশ্বাস করি তা হলো, নিজেদের সেরা দিনে আমরা বিশ্বকাপের যেকোনো দলকে হারাতে পারি, যে কাউকে। বিশ্বকাপে খেলতে পারা অনেক বড় সম্মানের বিষয়। কিন্তু আমরা কেবল অংশ নিতে আসিনি। আমরা পারফর্ম করতে চাই।”

“আমরা মনে করি, প্রথম পদক্ষেপ হচ্ছে গ্রুপ পর্ব পার করা। দ্বিতীয় পদক্ষেপ হলো, নকআউট পর্বে নিজেদের সম্ভাব্য সেরা ম্যাচ খেলা। দেখা যাক, কতদূর যেতে পারি আমরা।”