এবার ফ্লোরিডায় গান শোনাবেন অপূর্ব
“নিউ ইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।”
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম একক সংগীত সন্ধ্যায় ব্যাপক সাড়ার পর এবার ফ্লোরিডায় কনসার্ট করতে যাচ্ছেন অভিনেতা ও সংগীতশিল্পী জিয়াউল ফারুক অপূর্ব।
আগামী ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে ‘৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’-এ গান পরিবেশন করবেন তিনি।
এক ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশ্যে অপূর্ব বলেন, “নিউ ইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।”
অভিনয়ের পাশাপাশি অপূর্বর গায়কির চর্চা দীর্ঘদিনের হলেও চলতি বছর তিনি প্রথম একক কনসার্ট নিয়ে মঞ্চে ওঠেন।
গত ৮ অগাস্ট নিউ ইয়র্কের ‘জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে’ তার ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’।
প্রায় দুই ঘণ্টার সেই আয়োজনে একের পর এক পরিবেশনায় তিনি গেয়ে শোনান হেমন্ত মুখোপাধ্যায়ের ‘এই রাত তোমার আমার’, সোলসের ‘মন শুধু মন ছুঁয়েছে’ ও ‘কেন এই নীরবতা’, বাপ্পা মজুমদারের ‘দিন বাড়ি যায়’ এবং নগরবাউল জেমসের ‘বাবা’র মত শ্রোতাপ্রিয় গানগুলো।
টিকেটের দাম ধরা হয়েছিল ১০০ ও ৩০০ ডলার। তারপরও কনসার্টটি পুরোপুরি ‘হাউজফুল’ হয়েছিল। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়েই এবার যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে কনসার্ট করতে যাচ্ছেন অপূর্ব।
