২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বকাপের পরও সেরা ছন্দে থাকবেন মেসি’

বৈশ্বিক আসর শেষে ক্লাবের হয়ে খেলোয়াড়রা আগের মতো অনুপ্রাণিত থাকবেন না, বিষয়টি মানতে নারাজ ক্রিস্তফ গালতিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2022, 02:21 PM

Updated : 26 Nov 2022, 02:21 PM

বিশ্বকাপ বিরতির আগে পিএসজির হয়ে দারুণ খেলছিলেন লিওনেল মেসি। টুর্নামেন্ট শেষে কি আবার ক্লাবের হয়ে একই ছন্দে দেখা যাবে তাকে? দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ের অবশ্য এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মতে, চেনা চেহারাতেই দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে। 

বার্সেলোনা থেকে গত মৌসুমে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। লিগ ওয়ান জিতলেও তার নিজের পারফরম্যান্স খুব ভালো ছিল না। তবে এই মৌসুমে খেলছেন দারুণ। যেমনটা কাতালান ক্লাবটির জার্সিতে। 

২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে ১২ বার জালের দেখা পেয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসি। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৪টি। 

এর পর তিনি এখন ব্যস্ত কাতার বিশ্বকাপ খেলতে। গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেন মেসি। তার দল অবশ্য সৌদি আরবের কাছে হেরে যায় ২-১ গোলে। 

শেষ ষোলোর আশা জিইয়ে রাখতে মেসির দল শনিবার খেলবে মেক্সিকোর বিপক্ষে। আসরে আর্জেন্টিনা কতদূর এগিয়ে যাবে, তা সময়ই বলে দেবে। 

এবারের বিশ্বকাপের ব্যতিক্রমী সূচির কারণে টুর্নামেন্টে শেষে ক্লাব ফুটবলে খেলোয়াড়রা ফিরে কেমন করবেন, তা নিয়ে আলোচনা চলছে বেশ। স্বাভাবিকভাবেই এতে চলে আসছে মেসির নামও। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে গত শুক্রবার সাক্ষাৎকার দেন গালতিয়ে। সেখানেও উঠে আসে এই প্রসঙ্গ। ফ্রেঞ্চ কোচ বলেন, তার বিশ্বাস মেসি ও অন্য খেলোয়াড়রা স্রেফ বিশ্বকাপ নয়, পুরো মৌসুমেই ভালো করার জন্য প্রস্তুত। 

“কেন আমি এটা ভাবব যে (বিশ্বকাপের পর খেলোয়াড়দের অন্যরকম পারফরম্যান্স দেখতে পাব)? এর মানে তারা কী শুধু বিশ্বকাপের জন্যই প্রস্তুতি নিয়েছিল? আমি তা ভাবতে পারি না।” 

“মৌসুমের শুরুতে তারা পিএসজির হয়ে ভালো করার জন্য প্রস্তুতি নিয়েছিল। আমি মনে করি না বিশ্বকাপের পর মেসির অনুপ্রেরণা ভিন্ন থাকবে।” 

লিগ ওয়ানে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গালতিয়ের দল।