২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কান্নাভেজা চোখে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন একুয়েডর অধিনায়ক

বিশ্বকাপে আগেভাগে একুয়েডরের পথচলা শেষ হয়ে যাওয়ায় ভীষণ হতাশ দেশটির রেকর্ড গোলদাতা এনের ভালেন্সিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2022, 07:54 PM

Updated : 30 Nov 2022, 08:49 PM

গ্রুপে নিজেদের শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ১৬ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বের টিকেট পেয়ে যেত একুয়েডর। কিন্তু সেনেগালের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দক্ষিণ আমেরিকার দেশটিকে। প্রত্যাশা পূরণ করতে না পারায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির রেকর্ড গোলদাতা ও অধিনায়ক এনের ভালেন্সিয়া। এসময় চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

‘এ’ গ্রুপে একুয়েডর বিশ্বকাপ শুরু করেছিল স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়ে। এরপর শক্তিশালী নেদারল্যান্ডসকে তারা রুখে দেয় ১-১ গোলে। শেষ ম্যাচে ড্র করলেই ২০০৬ সালের পর নকআউট পর্বের টিকেট পেত দলটি। কিন্তু তাদের হৃদয় ভেঙে মঙ্গলবারের ম্যাচটি ২-১ গোলে জিতে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় ওঠে সেনেগাল।

পরের রাউন্ডে যাওয়ার খুব কাছাকাছি গিয়েও এভাবে বাদ পড়ায় মুষড়ে পড়েছেন আসরে তিন গোল করা ভালেন্সিয়া। ম্যাচের পর কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, দেশকে অনেকদূর নিয়ে যাওয়ার স্বপ্ন ছিল তাদের।

“পুরো একুয়েডরের কাছে আমরা ক্ষমা চাইছি। আমরা এটি আশা করিনি, যা করছিলাম, তাতে আমরা খুব খুশি ছিলাম...দুর্ভাগ্যবশত আমরা একুয়েডরের প্রত্যাশা পূরণ করতে পারিনি।”