মেসির হাতে বিশ্বকাপ শিরোপা দেখার স্বপ্নে বুঁদ রোসারিও
মহাতারকার হাত ধরে আবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৃঢ় আশাবাদ লাতিন আমেরিকার দেশটিতে।
অধীর আগ্রহ নিয়ে উন্মুখ আর্জেন্টিনার ভক্তরা। লিওনেল মেসির হাতে বিশ্বকাপের সোনালী ট্রফি দেখতে চান তারা। প্রবল উন্মাদনা নিয়ে অপেক্ষায় ধীরে সময়টা কাটছে রোসারিওর মানুষের। যে শহরে বেড়ে ওঠেছেন মহাতারকা, তাদের মধ্যে হয়তো রোমাঞ্চটা সবচেয়ে বেশি। দিয়েগো মারাদোনার জাদুতে ১৯৮৬ সালে যে ট্রফি এসেছিল লাতিন আমেরিকার দেশটিতে, মেসির হাত ধরে এর পুনরাবৃত্তি দেখতে ক্ষণ গুণছেন তারা।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) উত্তরে পারানা নদীর পশ্চিম তীরে, রোসারিওতে জন্ম ও বেড়ে ওঠা মেসির। এই যে জাদুকরী ফুটবলে তিনি মোহিত করে রাখছেন পুরো বিশ্বকে, এর একদম শুরুটা হয়েছিল এখান থেকেই। শহরের সব জায়গাতেই ছড়িয়ে রয়েছে মেসির অসংখ্য ছবি।
রোসারিও নিকটবর্তী শহর সেরোদিনোতে বাতাসে উড়ছে মেসির আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির (১২ মিটার বাই ১৮ মিটার) বিশালাকার এক প্রতিকৃতি। যা বানানো হয়েছে ৩৫ বছর বয়সী এই ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
সেরোদিনোর মেয়র হুয়ান পিও দ্রোভেত্তা বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপচারিতায় মেসিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
“এটি আমাকে শিহরিত করছে। এর পিছনে আছে তাদের কঠোর পরিশ্রম, নিবেদন, ঘাম আর রক্ত।”
তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতানোর লক্ষ্যে আগামী রোববার মাঠে নামবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ ১৯৯৮ ও ২০১৮ আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স। মেসির এটি দ্বিতীয় ফাইনাল। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ১-০ গোলে স্বপ্ন ভেঙেছিল তার।
এবার আর হৃদয় ভাঙার যন্ত্রণায় পুড়তে হবে না বলেই বিশ্বাস ভক্তদের। এদের মধ্যে আছেন হুয়ান ইবানেস মোরোনি। তার ৮ বছর বয়সী ছেলে খেলেন নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে, যেখানে শৈশবে খেলেছিলেন মেসিও।
“আমরা জিততে যাচ্ছি, এটি এমনই। কারণ ছেলেরা যেমন উজ্জীবিত হয়ে আছে, তারা একে অন্যের জন্য যেভাবে খেলছে এজন্য। আর্জেন্টিনার জন্য ছাড়াও, তারা এটি তার (মেসি) জন্যও করতে চলেছে। তার এটি জেতা প্রয়োজন এবং এতে সব রেকর্ড গড়া সম্পন্ন হবে।”
রোসারিওতে মেসিকে নিয়ে মাতামাতি সীমাহীন। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের যেখানে জন্ম, সেই বাড়ির পাশে একটি বড় দেয়াল চিত্র রয়েছে। সেখানে লেখা, ‘অন্য জগত থেকে এবং আমার প্রতিবেশী থেকে।’
কিশোর মেসির সঙ্গে নিজের মা ও মেয়ের ছবি রয়েছে রোসারিওর বাসিন্দা আলেহান্দ্রা ফেরেইরার। তার মতে, ভালো সব কিছুই রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের প্রাপ্য।
“সে একটা দারুণ মজার শিশু ছিল এবং সব কিছুর প্রভাবমুক্ত ছিল। তার জীবন কেবল ফুটবলকে ঘিরেই ছিল, সবসময় সবার সঙ্গে খেলায় মেতে থাকত।”
“সত্যটা হল সে জীবনের সেরাটা পাওয়ার যোগ্য, কারণ সে একজন সুন্দর মানুষ। সে একজন জন্মগত নেতা এবং আমাদের সবাইকে খুশি করতে চলেছে। আমরা এরই মধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছি।”
