২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলের রেকর্ডে রুনির পাশে কেইন

ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন যৌথভাবে এই দুজনের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 02:31 AM

Updated : 21 Dec 2022, 05:50 PM

বিশ্বকাপের নকআউট পর্বে আবারও জালের দেখা পেলেন হ্যারি কেইন। তাতে ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডে ওয়েইন রুনির পাশে বসলেন এই ফরোয়ার্ড।

আল বাইত স্টেডিয়ামে শনিবার কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয়ার্ধে পেনাল্টি গোলে দলকে ১-১ সমতায় ফেরান কেইন।

২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১২০ ম্যাচ খেলে ৫৩ গোল করেছিলেন রুনি। পূর্বসূরিকে কেইন ছুঁয়ে ফেললেন ৮০ ম্যাচেই।

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী কেইন কাতারে গ্রুপ পর্বে তিন ম্যাচে জালের দেখা পাননি। তবে নকআউট পর্বের প্রথম দুই ম্যাচেই গোল করলেন ২৯ বছর বয়সী তারকা।

বিশ্বকাপে কেইনের গোল হলো ১১ ম্যাচে ৮টি। ইংল্যান্ডের হয়ে বিশ্ব মঞ্চে তার চেয়ে বেশি গোল আছে কেবল গ্যারি লিনেকারের, ১২ ম্যাচে ১০টি।