‘ইংল্যান্ডের পরিকল্পনা থাকবে, তবে এমবাপে তো এমবাপে’
তরুণ এই ফরোয়ার্ডই পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
লড়াইটা ফ্রান্স ও ইংল্যান্ডের। তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে যেন একজন- কিলিয়ান এমবাপে। তরুণ এই ফরোয়ার্ড যে ছন্দে আছেন, প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারেন বড় হুমকি। তাকে আটকে রাখতে ইংলিশরা যে আটঘাট বেঁধে নামবে, তা ভালো করেই জানেন দিদিয়ে দেশম। একই সঙ্গে ফ্রান্স কোচ মনে করিয়ে দিলেন, যেকোনো মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারেন এমবাপে।
গতি আর ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পটু এমবাপে কাতার আসরে এখনও পর্যন্ত চার ম্যাচে গোল করেছেন পাঁচটি। চারটি গোলও নেই আর কারও। শেষ ষোলোয় পোল্যান্ডের বিপক্ষে জাদুকরী পারফরম্যান্সে তিনি উপহার দেন চমৎকার দুটি গোল।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড। দুই শিবিরেই এমবাপেকে নিয়ে চলছে আলোচনা।
২৩ বছর বয়সী এই তারকার ওপর ফ্রান্স অতিনির্ভরশীল কি-না, এমন প্রশ্নে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজের ভাবনা তুলে ধরলেন কোচ দেশম।
“কিলিয়ানের জন্য ইংল্যান্ডের প্রস্তুতি থাকবে, তবে সে পার্থক্য গড়ে দেওয়ার অবস্থানে আছে। আমাদের অন্য খেলোয়াড়রাও আছে, তবে কিলিয়ান তো কিলিয়ানই, সে পার্থক্য গড়ে দিতে পারে।”
