নির্ধারিত সময়ে ম্যাচ শেষ করতে না পারার আক্ষেপ মার্তিনেসের
অতিরিক্ত সময় হয়ে ম্যাচ টাইব্রেকারে যাওয়ায় নিজেকেই বেশি দায় দিচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক।
সুযোগ ছিল মূল ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ার। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ দিকে দুই গোল হজম করে সেটা হাতছাড়া করে আর্জেন্টিনা। পরে অতিরিক্ত সময়েও ম্যাচ শেষ করতে পারেনি তারা। শেষ পর্যন্ত টাইব্রেকারে দারুণ দুটি সেভে ব্যবধান গড়ে দেন এমিলিয়ানো মার্তিনেস। তবে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ করতে না পারার আক্ষেপ পোড়াচ্ছে আর্জেন্টাইন গোলরক্ষককে।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির দারুণ পাসে ৩৫তম মিনিটে দলকে এগিয়ে নেন নাহুয়েল মোলিনা। পরে ৭৩তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
একটা সময় মনে হচ্ছিল, আর্জেন্টিনার জয় কেবল সময়ের ব্যাপার। কিন্তু ৮৩তম মিনিটে দারুণ হেডে বল জালে পাঠিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দেন বদলি নামা ডাচ ফরোয়ার্ড ভঠ ভেহর্স্ট। যোগ করা সময়ের শেষ মিনিটে টিউন কুপমেইনার্সের দারুণ বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক থেকে বল পেয়ে গোল করে সমতা টানেন ভেহর্স্ট। পরে অতিরিক্ত সময়ে গোল করতে পারেনি কোনো দল।
ওই দুই গোল ঠেকাতে না পারা মার্তিনেস পণ করে রেখেছিলেন যেভাবেই হোক পেনাল্টি শুটআউটে অবদান রাখার। যেই চাওয়া সেই কাজ। ভার্জিল ফন ডাইক ও স্টিভেন বেরহাসের নেওয়া প্রথম দুটি শটই রুখে দেন মার্তিনেস।
দারুণ রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি পরে ৪-৩ গোলে জিতে শেষ চারে জায়গা করে নেয় আর্জেন্টিনা। ম্যাচ শেষে মার্তিনেস জানান, অন্তত আরেকটি শট থামাতে চেয়েছিলেন তিনি।
“ছেলেরা ক্লান্ত ছিল। তারা আমাকে ৯০ মিনিট দিয়েছিল, কিন্তু সে সময় প্রতিরোধ গড়ে আমি তাদের সহায়তা করতে পারিনি। টাইব্রেকারে তাদের আমার সাহায্য করতেই হতো। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমি দুটি সেভ করতে পেরেছি, আমি আরও ঠেকাতে পারতাম।”
“কারণ আমাদের আবেগ আছে, হৃদয় আছে এবং আমরা ৪ কোটি ৫০ লাখ মানুষের জন্য খেলি। আজকে উপভোগ করব, আগামী কাল আমরা ক্রোয়েশিয়াকে নিয়ে বিশ্লেষণ করব।”
