কেইনের পেনাল্টি মিস, ঘুরে দাঁড়িয়ে বায়ার্নকে রুখে দিল ডর্টমুন্ড
এতে পয়েন্টের হিসেবে লিগ টেবিলের শীর্ষস্থানের লড়াইয়ে দুই দলই রইল সমানে সমান।
ব্যালন দ’র জয়ের পর প্রথম মাঠে নামলেন হ্যারি কেইন। ট্রফিটি উঁচিয়ে ধরে মাঠে প্রবেশ করলেন তিনি, সমর্থকরা জানাল অভিনন্দন। কিন্তু ম্যাচে কোনো কিছুই তার পক্ষে গেল না। মিস করলেন পেনাল্টি। এর আগে-পরে দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না বায়ার্ন মিউনিখ। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে, শেষ সময়ে সমতা টেনে মূল্যবান পয়েন্ট আদায় করে নিল বরুশিয়া ডর্টমুন্ড।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্ডেসলিগার হাইভোল্টেজ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ম্যাচের তিনটি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে।
কনরাড লাইমারের লক্ষ্যভেদে প্রথমার্ধে বায়ার্ন এগিয়ে যাওয়ার পর, সমতা টানেন গিহাসি। খানিক পর দাইয়ু উপামেকানোর গোলে আবার এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এই গোলে জয়ের পথেই ছিল তারা; কিন্তু তাদের আশা গুঁড়িয়ে দেন ফাবিও সিলভা।
আট ম্যাচে সমান পাঁচটি করে জয় ও ড্রয়ে ১৮ পয়েন্ট এই দুই দলের। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বায়ার্ন।
বুন্ডেসলিগায় গত মৌসুমে দুই লেগেই জয়ী দল বায়ার্ন। এরপর, গত অগাস্টের সুপার কাপেও ডর্টমুন্ডকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে ভেসোঁ কম্পানির দল।
আক্রমণে চাপ ধরে রেখে ৩৮তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। সতীর্থের পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে শট নেন লাইমার, ঝাঁপিয়ে সেটা আটকে দিলেও বল হাতে রাখতে পারেননি গোলরক্ষক। ফিরতি বল ছয় গজ বক্সের মুখ থেকে শটে জালে পাঠান অস্ট্রিয়ার এই রাইট-ব্যাক।
৫৫তম মিনিটে ডর্টমুন্ডের ডি-বক্সে তাদের মিডফিল্ডার ফিলিক্স মেচার হাতে বল লাগলে পেনাল্টি পায় বায়ার্ন। কিন্তু স্পট কিক ক্রসবারে মেরে বসেন কেইন।
বায়ার্নের হয়ে এর আগের ২৬ পেনাল্টির ২৫টিই জালে পাঠিয়েছিলেন এই ইংলিশ তারকা। সেই তিনিই বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়ার পর প্রথম খেলতে নেমেই মিস করলেন।
৬০তম মিনিটে সমতা টেনে ঘুরে দাঁড়ায় ডর্টমুন্ড। ডি-বক্সে সতীর্থের পাস পেয়ে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের মাঝ থেকে জোরাল শটে গোলটি করেন গিনির স্ট্রাইকার গিহাসি।
তাদের সেই স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি। ছয় মিনিট পরই কেইনের হেড পাস গোলমুখে পেয়ে টোকায় বায়ার্নকে ফের এগিয়ে দেন উপামেকানো।
নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ফের সমতায় ফেরে ডর্টমুন্ড। ডি-বক্সে সুযোগ পেয়েও বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় বায়ার্ন, আর ফাঁকায় বল পেয়ে কোনাকুনি শটে লিগে দলের অজেয় যাত্রা অব্যাহত রাখেন কিছুক্ষণ আগে বদলি নামা সিলভা।
