২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক দৃঢ়তা আর মুহূর্তের ঝলকে যেভাবে ফাইনালে ফ্রান্স

নানা প্রতিকূলতা পেরিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফরাসিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2022, 09:03 PM

Updated : 16 Dec 2022, 01:34 AM

উয়েফা নেশন্স লিগে হতাশাজনক পারফরম্যান্স, চোটের জন্য একের পর এক খেলোয়াড় হারানো- বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্সকে নিয়ে শঙ্কার দোলাচল কম ছিল না। সেসব তারা কাটিয়ে ওঠে দ্রুতই। যেখানে বড় ভূমিকা তাদের মানসিক দৃঢ়তার। সঙ্গে কিলিয়ান এমবাপে, অলিভিয়ে জিরুদ, অঁতোয়ান গ্রিজমানদের দুর্দান্ত সব পারফরম্যান্স গড়ে দেয় ব্যবধান। কঠিন পথ পেরিয়ে দিদিয়ে দেশমের দল এখন টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে। 

ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ে মাঝমাঠে বড় অবদান ছিল যাদের, সেই পল পগবা ও এনগোলো কঁতেকে কাতার আসরে চোটের কারণে পাননি দেশম। সেই তালিকায় যোগ হন সেন্টার-ব্যাক প্রেসনেল কিম্পেম্বেও। টুর্নামেন্ট শুরুর আগে চোট পেয়ে ছিটকে যান তারকা স্ট্রাইকার করিম বেনজেমা ও ত্রিস্তোফা এনকুনকু। এত সব ধাক্কা সামলে আরেকটি বিশ্বকাপ ট্রফি থেকে স্রেফ একটি জয় দূরে ফরাসিরা। 

বেনজেমা থাকলে যার হয়তো শুরুর একাদশে জায়গা হতো না, সেই অলিভিয়ে জিরুদ আসরে এখন পর্যন্ত চার গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতার তালিকায় থিয়েরি অঁরিকে ছাড়িয়ে চূড়ায় বসেছেন। প্রথম তিন ম্যাচে পাঁচ গোল করেছেন আক্রমণভাগের বড় অস্ত্র কিলিয়ান এমবাপে। 

শিরোপা লড়াইয়ে আগামী রোববার আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। তার আগে দেখে নেওয়া যাক আসরে ফরাসিদের পথচলা। 

গ্রুপ পর্ব: 

ফ্রান্স ৪-১ অস্ট্রেলিয়া 

বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় নিয়ে টুর্নামেন্ট শুরু করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ফ্রান্স। ৯ মিনিটের মাথায় তাদের জালে বল পাঠায় অস্ট্রেলিয়া। 

চার মিনিট পর হাঁটুতে মারাত্মক চোট পেয়ে বাইরে চলে যান লুকাস এরনঁদেজ (পরে বিশ্বকাপ থেকেই ছিটকে যান তিনি)। বদলি নামেন তার ভাই থিও এরনঁদেজ। 

পরে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। আদ্রিওঁ রাবিও ও জিরুদের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় তারা। বিশ্ব মঞ্চে নিজের পঞ্চম গোল করে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান এমবাপে। জিরুদ আরেকটি গোল করে ছুঁয়ে ফেলেন অঁরিকে (৫১)। বড় জয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে দেশমের দল। 

ফ্রান্স ২-১ ডেনমার্ক 

২০২২-২৩ নেশন্স লিগে ৬ ম্যাচে ফ্রান্স জিততে পারে স্রেফ একটি। ডেনমার্কের বিপক্ষে দুই লেগের দেখায় হারে দুবারই। বিশ্বকাপে ডেনিশদের বিপক্ষে তাই বড় পরীক্ষা ছিল তাদের সামনে। 

প্রথমার্ধে হয়নি কোনো গোল। ৬১তম মিনিটে ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপে। তবে সাত মিনিট পরই হেডে সমতা টানেন আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন। 

ড্রয়ের পথে এগোচ্ছিল ম্যাচ। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে গ্রিজমানের চমৎকার ক্রসে গোল করে ব্যবধান গড়ে দেন এমবাপে। এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে ফরাসিরা। 

ফ্রান্স ০-১ তিউনিসিয়া 

আগেই নকআউটের টিকেট নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপের শেষ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে নিয়মিতদের বেশিরভাগকে বিশ্রামে রাখেন দেশম। ডেনমার্ক ম্যাচ থেকে একাদশে পরিবর্তন আনেন ৯টি। 

কিন্তু বড় অঘটনের শিকার হয় তারা তিউনিসিয়ার কাছে হেরে। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন ওয়াহবি খাজরি। 

বদলি নেমে শেষ দিকে আফ্রিকার দেশটির জালে বল পাঠান গ্রিজমান। তবে ভিএআরে গোল মেলেনি অফসাইডের কারণে। 

গোলটি পেতে পরে ফ্রান্স ফুটবল ফেডারেশন অবশ্য আবেদন করেছিল ফিফার কাছে। তবে সেটি প্রত্যাখ্যান করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।   

শেষ ষোলো: ফ্রান্স ৩-১ পোল্যান্ড 

নকআউট পর্বের প্রথম ধাপে পোলিশদের বিপক্ষে গোলের আগল খুলতে পারছিল না ফ্রান্স। বিরতির ঠিক আগে ‘ডেডলক’ ভাঙেন জিরুদ। একই সঙ্গে অঁরিকে ছাড়িয়ে এসি মিলান স্ট্রাইকার ওঠেন চূড়ায়। 

এরপর দ্বিতীয়ার্ধে চমৎকার দুটি গোল করে জয় প্রায় নিশ্চিত করেন এমবাপে। শেষ দিকে পেনাল্টি গোলে ব্যবধান কমান রবের্ত লেভানদোভস্কি। 

কোয়ার্টার-ফাইনাল: ইংল্যান্ড ১-২ ফ্রান্স 

ম্যাচের সপ্তদশ মিনিটে অনেকটা দূর থেকে আচমকা শটে দুর্দান্ত এক গোলে ফ্রান্সকে এগিয়ে নেন অহেলিয়া চুয়ামেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে তার করা ফাউলে পেনাল্টি পেয়ে সমতা টানেন হ্যারি কেইন। 

ইংলিশদের সেই স্বস্তি যদিও বেশিক্ষণ থাকেনি। গ্রিজমানের দারুণ ক্রসে হেডে ফ্রান্সকে আবার এগিয়ে নেন জিরুদ।  

শেষ দিকে ইংল্যান্ডের সামনে ম্যাচে ফেরার সুযোগ আসে আরেকটি। এবার পেনাল্টি থেকে উড়িয়ে মারেন কেইন। শেষ চারে উঠে যায় ফ্রান্স। 

সেমি-ফাইনাল: ফ্রান্স ২-০ মরক্কো 

ম্যাচের পঞ্চম মিনিটেই দুর্দান্ত অ্যাক্রোবেটিক শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন থিও এরনঁদেজ। তবে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে আসা মরক্কো ভড়কে যায়নি। খেলতে থাকে সাহসী ফুটবল। সমতায়ও ফিরতে পারত তারা, পোস্টের বাধায় তা হয়নি। 

নির্ধারিত সময়ের ১১ মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুণ করে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন রন্দাল কোলো মুয়ানি। বদলি নামার ৪৪ সেকেন্ড পরই গোলটি করেন তিনি।

তাতে বিশ্বকাপে নিজেদের সবশেষ চারটি সেমি-ফাইনাল ৯০ মিনিটের মধ্যে জিতে, ২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। 

এখন ব্রাজিলের (১৯৫৮ ও ১৯৬২ আসরে জয়ী) ৬০ বছর পর প্রথম দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে।