২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেন্তোকে লাল কার্ড দেখানো অন্যায়, দাবি দ. কোরিয়ার

ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়েও ক্ষুব্ধ এশিয়ার দলটির সহকারী কোচ সের্হিও কস্তা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2022, 04:35 PM

Updated : 29 Nov 2022, 04:35 PM

ঘানার বিপক্ষে রোমাঞ্চকর লড়াইটি হেরে যাওয়ায় আবেগ সামলাতে পারেননি এশিয়ার দলটির কোচ পাওলো বেন্তো। ম্যাচ শেষ হতেই রেফারির সঙ্গে জুড়ে দেন তর্ক, বাকবিতন্ডায় জড়িয়ে দেখেন লাল কার্ড। বিষয়টি মানতেই পারছেন না তার সহকারী কোচ সের্হিও কস্তা। বললেন, তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। 

এডুকেশন সিটি স্টেডিয়ামে গত সোমবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে হেরে যায় কোরিয়া। 

পিছিয়ে থাকা অবস্থায় মরিয়া হয়ে শেষের দিকে একের পর এক আক্রমণ চালায় ২০০২ বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলা কোরিয়া।

তেমনি একটি আক্রমণ থেকে ম্যাচের অন্তিম মুহূর্তে কর্নার পায় কোরিয়া। তবে তা নেওয়ার সুযোগ তাদের আর দেননি রেফারি, বাজিয়ে দেন শেষের বাঁশি। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বেন্তো। ফলশ্রুতিতে তাকে লাল কার্ড দেখান রেফারি।

লাল কার্ড দেখায় ম্যাচের পর সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি বেন্তো। তার জায়গা আসা কস্তা বলেন, শাস্তি পাওয়ার মতো কিছু করেননি ৫৩ বছর বয়সী বেন্তো।

“পুরোপুরি অন্যায়। প্রথমার্ধে একই পরিস্থিতিতে তারা খেলা চালিয়ে গিয়েছিল। রেফারি আমাদের কাছ থেকে সেই সুযোগটা কেড়ে নিয়েছেন, পাওলো (বেন্তো) কেবল এর প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি রেফারিকে অনুপযুক্ত কিছু বলেননি, কিন্তু তিনি (রেফারি) যা ইচ্ছা তাই করেছেন। আমার চোখে, এটা ন্যায্য নয়।”

দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে কোরিয়া। শেষ ম্যাচে আগামী শুক্রবার তাদের প্রতিপক্ষ ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল।