তিন ফাইনালের তিক্ত স্মৃতি ভাবা অর্থহীন: স্কালোনি
মেসি-দি মারিয়াদের এ মুহূর্তে ফুটবল উপভোগ করাটাই আর্জেন্টিনা কোচের কাছে গুরুত্ব পাচ্ছে সবচেয়ে বেশি।
২০২১ সালের কোপা আমেরিকার জয় আর্জেন্টিনার শিরোপা খরা ঘুচিয়েছে বটে, কিন্তু সমর্থকদের অতৃপ্তি ঘোচাতে পারেনি। টানা তিন বছরে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার ফাইনালের হারের দুঃখ এখনও ভুলতে পারেনি তারা। তবে ওই অতীত নিয়ে পড়ে থাকার কোনো মানে দেখেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ ভাবতে চান বর্তমান নিয়ে।
গত বছর কোপা আমেরিকার ওই সাফল্যের আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছে হেরেছিল আর্জেন্টিনা। ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকার দুই ফাইনালে চিলির বিপক্ষে হেরে গুঁড়িয়েছিল স্বপ্ন।
২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপের আগে ওই তিন হারের তিক্ত স্মৃতিও উঠে আসছে আলোচনায়। তবে সিএনএন রেডিওকে আর্জেন্টিনা কোচ বলেছেন, অতীত তার কাছে মূখ্য নয় মোটেও।
“সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, খেলোয়াড়রা যখন এই জার্সি পরে মাঠে নামছে, তারা খেলাটা উপভোগ করছে। একটা শিরোপা জেতা হয়নি এবং আপনি এটা এনে দেবেন বলে সবাই অপেক্ষা করছে, এসব চিন্তা অর্থহীন। এগুলো আরও উদ্বেগের জন্ম দেয়, যা দলকে সেরাটা খেলতে আরও বাধা দেবে।”
স্কালোনির হাত ধরে আর্জেন্টিনা ছুটছে দুর্বার গতিতে। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার উত্তুঙ্গ আত্মবিশ্বাস দলের সঙ্গী। কোচ জানালেন অনেক পরিশ্রমের পথ বেয়ে এসেছে এই সাফল্য।
“আমরা খুব জোর দিয়ে বলেছিলাম যে আগের দলটাও সফল ছিল; এটাকে ভিন্নভাবে দেখার কিছু নেই। ছেলেদের বোঝাতে চেয়েছিল যে ফুটবলে কিছু অর্জন করা খুবই কঠিন।”
১৯৮৬ সালে সবশেষ বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা এবার মুকুট পুনরুদ্ধার করতে মরিয়া। ৩৫ ছুঁইছুঁই লিওনেল মেসির জন্য হতে পারে শেষ সুযোগ। স্কালোনি এসব নিয়েও ভাবছেন না। তার ভাবনা কিছু ভাববাদী মানুষের মতো!
“(যদি মেসি নাই পারে) তাতে তেমন কিছুই হবে না। আবার সুর্য উঠবে, জীবন এগিয়ে যাবে এবং কোনো সমস্যা হবে না। (না জিতলে) কী হবে, সেটা ভেবে মাঠে নামা ঠিক নয়।”
“এগুলো (টানা ৩৫ ম্যাচ জয়) অবিস্মরণীয় মুহূর্ত। তারা ভালো সময় কাটিয়েছে। ছেলেরা ঐক্যবদ্ধ থাকতে চায়…আমি বলব না আরও বেশি নিংড়ে দিতে…কিন্তু মাঠে কেউ যদি কাউকে পাশে পায়, তাহলে সেটা বাড়তি কিছু যোগ করে। এই বাস্তবতার বাইরেও প্রতিফলিত হতে পারে ভিন্ন কিছু। এটা ফুটবল এবং অনেক কিছু হতে পারে। তবে এটা ঠিক যে, অনেকগুলো ম্যাচ জিতেছি আমরা।”
২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। কাতারের গরম নিয়ে দুর্ভাবনা থাকলেও ইতিবাচক ভাবনায় শুরুর ছক কষছেন স্কালোনি।
“যারা এর আগে বিশ্বকাপ খেলেছে এবং যারা খেলেনি সবার জন্য এটা একটা আবেগের ম্যাচ, ভিন্ন ম্যাচ। ইতিবাচক ফল দলে মানসিক শক্তি যোগ করবে। ম্যাচটি নিয়ে আমরা অনেক কাজ করব। প্রতিপক্ষ নিয়ে না ভেবে আমরা নিজেদের নিয়ে ভাবব। কেননা, নিজেদের করণীয় আমরা জানি।”
“গরম আবহাওয়ার সমস্যা তো আছেই, ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সৌদি আরব গরমের মধ্যে খেলতে অভ্যস্ত। তাই আমাদেরকে এমন অনেক বিষয় নিয়ে কাজ করতে হবে।”
