‘সর্বকালের সেরা’ রোনালদোর সমর্থনে কোহলি
সাবেক ভারত অধিনায়কের মতে, স্রেফ শিরোপা দিয়ে পর্তুগিজ মহতারকার মাহাত্ম্য বোঝা যাবে না।
দুই ভুবনে সময়ের সেরাদের কাতারে দুজনের স্থান চূড়ার দিকে। ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতি বিরাট কোহলির ভক্তি বেশ পুরনো। কাতার বিশ্বকাপ থেকে পর্তুগাল মহতারকার বিদায়ের পর তার সমর্থনে এগিয়ে এলেন ভারতের সাবেক অধিনায়ক। তার চোখে বিশ্বকাপ না জিতলেও রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার।
নিজের পঞ্চম বিশ্বকাপে এবার কোয়ার্টার-ফাইনাল থেকে চোখের জলে বিদায় নিয়েছেন রোনালদো। বিশ্ব সেরার মঞ্চে তার সেরা সাফল্য ২০০৬ সালে সেমি-ফাইনাল খেলা। আগামী ফেব্রুয়ারিতে ৩৮-এ পা দিতে যাওয়া সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের আরেকটি বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুব কমই।
সেক্ষেত্রে ক্লাব ক্যারিয়ারে অর্জনে ভরপুর রোনালদোর জন্য বড় এক শূন্যতাই হয়ে থাকবে এটি। তবে এই অসম্পূর্ণতা দিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলস্কোরারকে মাপতে নারাজ কোহলি।
সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোকে নিয়ে আগেও কয়েকবার লিখেছেন কোহলি। তাতে প্রকাশ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলারকে নিয়ে তার অগাধ শ্রদ্ধা। ২০১৮ সালে রোনালদোর সঙ্গে একটি বিজ্ঞাপনেও অংশ নেন এই ডানহাতি ব্যাটসম্যান।
কঠিন সময়ে রোনালদোর পাশে দাঁড়িয়েছেন কোহলি। টুইটারে সোমবার তিনি লিখেছেন, মাঠের সাফল্য-ব্যর্থতা ছাপিয়ে ৩৭ বছর বয়সী এই ফুটবলারের স্থান আরও উঁচুতে।
“এই খেলাটিতে এবং বিশ্বজুড়ে ক্রীড়া অনুরাগিদের জন্য আপনি যা যা করেছেন, কোনো ট্রফি বা শিরোপা তার কিছুই কেড়ে নিতে পারবে না। কোনো শিরোপাই এটি বোঝাতে পারবে না যে আপনি মানুষের ওপর কী প্রভাব ফেলেছেন। আমরা যখন আপনাকে খেলতে দেখি তখন আমি ও বিশ্বের অনেকেই কী অনুভব করি। এটা ঈশ্বরের দান।”
“একজন মানুষের জন্য এটি সত্যিকারের আশীর্বাদ, যিনি সবসময় তার হৃদয় দিয়ে খেলেন, কঠোর পরিশ্রম ও নিবেদনের প্রতিমূর্তি এবং যেকোনো ক্রীড়াবিদদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। আমার কাছে আপনিই সর্বকালের সেরা।”
