‘বিশ্বকাপের জন্য প্রস্তুত নয় বেলজিয়াম’
বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস মনে করছেন, মিশরের বিপক্ষে হার তাদের জন্য দরকার ছিল।
প্রস্তুতি ম্যাচে দলের খেলায় ভীষণ হতাশ রবের্তো মার্তিনেস। বেলজিয়াম কোচের মনে হচ্ছে, বিশ্বকাপের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করলেও এখনও পুরোপুরি প্রস্তুত নয় তার দল। তাই হয়তো মিশরের বিপক্ষে হার তাদের দরকার ছিল।
কাতার বিশ্বকাপের আগে সবশেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে ২-১ গোলে হারে বেলজিয়াম। র্যাঙ্কিয়ের দুই নম্বর দলটি সেদিন মাঠে ছিল ছন্নছাড়া। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে খেলা দলটির ছায়া হয়েই যেন ছিল তারা।
মার্তিনেস আশায় আছেন, এই হারের পর ঘুরে দাঁড়াবে তার দল। বাজে পারফরম্যান্স ও টানা দুই হারের ধাক্কা সামাল দিয়ে স্বরূপে ফিরবে বেলজিয়াম। ম্যাচের পর ভিটিএমকে তিনি বলেন, বিশ্বকাপে যাওয়ার আগে তাদের এখন অনেক কাজ বাকি।
“আমরা যে ফল বা পারফরম্যান্স চেয়েছিলাম, সেটি হয়নি। তবে সম্ভবত এটা আমাদের প্রয়োজন ছিল। আমরা দেখিয়েছি, আমরা বিশ্বকাপ শুরুর জন্য অপেক্ষা করছি কিন্তু এর জন্য প্রস্তুত নই।”
“আমাদের নিশ্চিত করতে হবে, খেলোয়াড়রা প্রস্তুত। কারণ, এভাবে কোনো টুর্নামেন্ট খেলতে যাওয়া যায় না। আর নিজের সেরা অবস্থায় না থাকলে পারফম্যান্সও আশা করা যায় না।”
কোচের দুর্ভাবনার কারণ আছে যথেষ্টই। আগামী বুধবার কানাডার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে মিশরের বিপক্ষে হেরেছে বেলজিয়াম। এর আগে গত সেপ্টেম্বরে নেশন্স লিগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছিল তারা।
সে সময় অবশ্য প্রথম পছন্দের বেশ কয়েকজন খেলোয়াড়কে পাননি মার্তিনেস। পরেও প্রস্তুতি নেওয়ার জন্য মেলেনি খুব একটা সময়। তাই ভীষণ হতাশ বেলজিয়াম কোচ।
“বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে অন্তত পাঁচ সপ্তাহ সময় প্রয়োজন। কিন্তু এটা সম্ভব নয়।”
লম্বা সময় পর এক সঙ্গে খেলতে পারাকেই বড় করে দেখছেন ড্রিস মের্টেন্স। তার আশা, বিশ্বকাপে প্রস্তুত অবস্থাতেই পাওয়া যাবে বেলজিয়ামকে।
“পরাজয় কোনো আদর্শ ব্যাপার নয়। তবে ভালো ব্যাপার হচ্ছে যে, আমরা আবার খেলতে পারলাম। এখনও অনেক কাজ বাকি আছে, তবে এটা ঠিক আছে। বিশ্বকাপে না হয়ে এখানে ঘটেছে সেটাও ভালো।”
কানাডার পর ‘এফ’ গ্রুপে মরক্কো ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে বেলজিয়াম।
