২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১২ বছরের অপেক্ষা ঘুচল অস্ট্রেলিয়ার

তিউনিসিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের সম্ভাবনা বাঁচিয়ে রাখল গ্রাহাম আর্নল্ডের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2022, 05:05 PM

Updated : 26 Nov 2022, 06:54 PM

হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। তিউনিসিয়াকে হারিয়ে উজ্জ্বল করল শেষ ষোলোর আশা। মিচেল ডিউকের গোলে উঠে এলো পয়েন্ট তালিকার দুই নম্বরে।

আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে শনিবার ‘ডি’ গ্রুপের ম্যাচ ১-০ গোলে জিতেছে গ্রাহাম আর্নল্ডের দল।

এক যুগ পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া। এর আগে সবশেষ ২০১০ আসরে সার্বিয়ার বিপক্ষে জিতেছিল তারা।

এবার ফ্রান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৪-১ গোলে হারে অস্ট্রেলিয়া। ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করে তিউনিসিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হারে শেষ ষোলোর আশা ফিকে হয়ে গেল তাদের।

ঢিমেতালে শুরু হওয়া ম্যাচে ১৯তম মিনিটে পাল্টা আক্রমণে ভীতি ছড়ায় তিউনিসিয়া। সতীর্থের পাস ডি-বক্সে ইউসেফ মাসাকনি ভালো জায়গায় পান, কিন্তু প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে শট নিতেই পারেননি।

তিন মিনিট পর চমৎকার হেডে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন ডিউক। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে গোলপোস্টকে পেছনের দিকে রেখে এবং না তাকিয়েই নিখুঁত হেড করেন এই ফরোয়ার্ড।

জাতীয় দলের হয়ে তার গোল হলো ৯টি।

অস্ট্রেলিয়ার এগিয়ে যাওয়া গোলটিতে যথেষ্ট দায় আছে তিনিউনিসিয়ার রক্ষণের। ডিউক হেড নেওয়ার সময় কাছাকাছি ডিফেন্ডার থাকলেও তাকে কেউ চ্যালেঞ্জ জানায়নি।

অস্ট্রেলিয়ার রক্ষণ অবশ্য ছিল খুব জমাট। প্রথমার্ধের শেষ দিকে দুই মিনিটের ব্যবধানে ভালো দুটি আক্রমণ করে তিউনিসিয়া। তবে, মাসাকনির পর মোহামেদ দ্রাগারের ডি-বক্সে নেওয়া শটও রক্ষণে প্রতিহত হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে রক্ষণাত্মক ফুটবল খেলে অস্ট্রেলিয়া। সেই সুবিধা কাজে লাগিয়ে চাপ বাড়ায় তিউনিসিয়া। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার খেই হারায় তারা।

৭১তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে সুযোগ আসে অস্ট্রেলিয়ার; জেমি ম্যাকলারেনের ক্রসে একটুর জন্য পা ছোঁয়াতে পারেননি ম্যাথু লেকি। পরের মিনিটে মাসাকনির দুটি চেষ্টা একটুর জন্য সফল হয়নি।

শেষ দিকে কিছু সুযোগ তৈরি করে তিউসিনিয়া। কিন্তু কোনো না কোনোভাবে সেগুলো ঠেকিয়ে দেয় অস্ট্রেলিয়া। গোলের জন্য ১২টি শট নেয় আফ্রিকার দেশটি। এর আটটি ছিল লক্ষ্যে, যার চারটি ব্যর্থ করে দেন গোলরক্ষক। ডিফেন্ডাররা ব্লক করেন বাকি চারটি।

সবার মিলিত চেষ্টায় জাল অক্ষত রেখে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নল্ডের দল।

২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দুই নম্বরে উঠেছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ কম খেলা ফ্রান্স সমান পয়েন্ট নিয়ে শীর্ষে।

তিউনিসিয়ার ১ পয়েন্ট সবার নিচে। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে ডেনমার্ক, একটি ম্যাচ কম খেলেছে ডেনিশরা।