২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে সুইজারল্যান্ড

নিজেদের খেলা উপভোগ করে যতদূর সম্ভব এগিয়ে যেতে চান মুরাত ইয়াকিন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2022, 05:12 PM

Updated : 03 Dec 2022, 05:12 PM

রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল, বাছাইয়ে পর্তুগালকে পেছনে ফেলে সরাসরি উঠে আসা সার্বিয়া এবং অদম্য সিংহ নামে পরিচিত ক্যামেরুনের গ্রুপ থেকে সুইজারল্যান্ডের জন্য শেষ ষোলোয় জায়গা করে নেওয়া সহজ ছিল না। সার্বদের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জেতার পাশাপাশি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় সুইসরা। কঠিন ধাপ পেরিয়ে আরও অনেকটা পথ এগিয়ে যাওয়ার মনোবল পাচ্ছেন দলটির কোচ মুরাত ইয়াকিন। বললেন, তাদের লক্ষ্য এবার ইতিহাস গড়া। 

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ 'জি' গ্রুপে শুক্রবার রাতে সার্বিয়াকে ৩-২ গোলে হারায় সুইজারল্যান্ড। ব্রাজিল ও তাদের পয়েন্ট সমান ৬ হলেও গোল পার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তিতের দল, রানার্সআপ সুইজারল্যান্ড।  

বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা পাঁচটি বড় টুর্নামেন্টের নক নকআউট পর্বের টিকেট পেল সুইজারল্যান্ড। 

কোয়ার্টার-ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী মঙ্গলবার সুইজারল্যান্ডের প্রতিপক্ষ ইউরো-২০১৬ চ্যাম্পিয়ন পর্তুগাল। 

বিশ্ব সেরার মঞ্চে এখন পর্যন্ত সুইজারল্যান্ডের সেরা সাফল্য কোয়ার্টার-ফাইনালে খেলা।

সার্বিয়া ম্যাচের পর ইয়াকিন বলেন, নিজেদের খেলা উপভোগ করে আরও এগিয়ে যেতে চান তারা। 

“খেলোয়াড়দের ইতিহাস গড়ার লক্ষ্য ছিল এবং কাজ এখনও শেষ হয়নি। দল আজ আরও ঐক্যবদ্ধ ছিল, আরও অভিজ্ঞ হয়েছে। এখন আমরা সময়টা উপভোগ করব। ফুটবলে এমন মুহুর্তগুলোর জন্যই আমরা বেঁচে থাকি।”