২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের কাছে হেরে চোখ খুলেছে স্পেনের

দ্বিতীয় রাউন্ড থেকে প্রতিপক্ষকে একদমই সুযোগ দিতে চান না মিডফিল্ডার পেদ্রি গনসালেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2022, 03:28 PM

Updated : 05 Dec 2022, 05:59 PM

উড়ন্ত সূচনার পর গ্রুপ পর্বেই বাস্তবতা টের পেয়েছে স্পেন। দেখেছে মুদ্রার দুই পিঠই। কোস্টা রিকাকে ৭ গোলে উড়িয়ে দেওয়ার পর জার্মানির বিপক্ষে করেছে ড্র। জাপানের তিন মিনিটের চমকে শেষ ম্যাচে ২-১ গোলে হেরেছে লুইস এনরিকের দল। তরুণ মিডফিল্ডার পেদ্রি গনসালেস বলেছেন, এতে চোখ খুলে গেছে তাদের। 

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গত বৃহস্পতিবার আলভারো মোরাতার গোলে শুরুতেই এগিয়ে যায় স্পেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরে ১৪২ সেকেন্ডের ব্যবধানে দুইবার বল জালে পাঠান রিতসু দোয়ান ও আও তানাকা। ম্যাচের শেষ ৪০ মিনিটে প্রাণপণ চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি স্পেন। 

আরেক ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে জার্মানি ৪-২ গোলে জিতলে স্পেনের সমান ৪ পয়েন্ট হয় তাদের। গোল ব্যবধানের হিসেবে দ্বিতীয় রাউন্ডের টিকেট পায় স্পেন। টানা দ্বিতীয়বার প্রথম রাউন্ড থেকেই বিদায়ঘণ্টা বাজে জার্মানির। 

শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের প্রতিপক্ষ মরক্কো। এডুকেশন সিটি স্টেডিয়ামে সোমবার রাতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে স্পোর্টকে পেদ্রি বলেন, ফলাফল নিজেদের পক্ষে পাওয়ার জন্য পুরোটা সময় একই একাগ্রতা নিয়ে খেলে যাবেন তারা। 

“(জাপানের কাছে হারের পর) আমরা বুঝতে পেরেছি, সবই আসলে বাঁচা-মরার লড়াই। সবশেষ ম্যাচটি খুব কঠিন ছিল। এটি খুব বড় ধাক্কা ছিল। জাপানের বিপক্ষে অমন ফলাফল আমাদের প্রত্যাশিত ছিল না।” 

“সৌভাগ্যবশত আমাদের আরও একটি সুযোগ আছে। তবে আমরা যদি ১০ মিনিটের জন্যও খেই হারিয়ে ফেলি, নিজেদের বোঝাপড়ায় ঘাটতি দেখা দেয়, তাহলে বাড়ি ফিরতে হবে। যদি তারা গোল করে ফেলে, তাহলে এই একটিই তাদের একমাত্র প্রয়োজন হতে পারে।”