লুসাইল স্টেডিয়ামের ‘৮ তলা থেকে’ পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু
তিন দিন হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেনিয়ার ওই ব্যক্তি।
কাতার বিশ্বকাপে কয়েকজন সাংবাদিকের পর এবার প্রাণ গেল লুসাইল স্টেডিয়ামের এক নিরাপত্তা কর্মীর। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় আট তলা থেকে পড়ে যান ওই ব্যক্তি।
আসরের আয়োজক কর্তৃপক্ষ ‘সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগ্যাসি’ বুধবার জানায়, মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জন এনজাও কিবুয়ে নামের ওই নিরাপত্তা কর্মী।
বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছিল গত শনিবার। মেডিকেল টিম তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তাকে জরুরি চিকিৎসা দেয়। পরে অ্যাম্বুলেন্সে করে হামাদ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর ওই ব্যক্তিকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়।
“আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, তিন দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পর, মেডিকেল টিমের প্রচেষ্টা সত্ত্বেও, ১৩ ডিসেম্বর মঙ্গলবার তিনি হাসপাতালে মারা যান।”
সিএনএন জানায়, ২৪ বছর বয়সী কিবুয়ে কেনিয়ার নাগরিক।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি ‘জরুরি ও গুরুতর’ বিষয় হিসেবে তদন্ত শুরু করা হচ্ছে।
কিবুয়ের বোন আন ওয়ানজিরু জানান, স্টেডিয়ামের ৮ তলা থেকে তার ভাইয়ের পড়ে যাওয়ার কথা গত শনিবার জানান কিবুয়ের নিয়োগ কর্তা।
বিশ্বকাপ চলাকালে খালিদ-আল-মিসলাম, রজার পিয়ার্স ও গ্রান্ট ওয়াল নামের তিনজন সাংবাদিকের মৃত্যু হয়েছে। মার্কিন সাংবাদিক ওয়ালকে হত্যা করা হয়েছে বলে দাবি তার ভাই এরিকের।
আগামী রোববার ফাইনাল দিয়ে পর্দা নামবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের। লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স কিংবা মরক্কো।
