১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নিউ ইয়র্কে ভবন ধসে নিহত বেড়ে ৮, বৃষ্টিতে উদ্ধারে জটিলতা

ধসে পড়া ভবনটির পাশেই একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। সেই নির্মাণ সাইটের পাশে ধসে পড়ে কারণে ভবনটির ভেতরের এবং বাইরের মানুষও চাপা পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 12:22 AM

Updated : 13 Nov 2026, 12:22 AM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে একটি তিনতলা ভবন ধসে এখন পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মী ও শিশুসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার বিকালে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় আবাসিক ও বাণিজ্যিক ভবনটি ধসে পড়ে। এতে অন্তঃসত্ত্বা এক নারী ও সাত শিশুর লাশ উদ্ধার করা হয়। এলাকাটিতে মূলত কৃষ্ণাঙ্গ ও আফ্রো-ক্যারিবিয়ান সম্প্রদায়ের মানুষের বসবাস।

ধসে পড়া ভবনটির পাশেই একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। সেই নির্মাণ সাইটের পাশে ধসে পড়ে কারণে ভবনটির ভেতরের এবং বাইরের মানুষ চাপা পড়েছেন।

সিএনএন জানিয়েছে, উদ্ধারকর্মীরা জানে না ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকা পড়েছেন। উদ্ধার অভিযান চলার মধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে উদ্ধার অভিযান চালানো আরও জটিল হয়ে পড়েছে।

তিন তলা ভবনটি ধসে পড়ার কারণ অনুসন্ধান করছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। একইসঙ্গে পাশের ভবন নির্মাণে যাবতীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশের ভবনটি তিন তলা পর্যন্ত নির্মাণের অনুমতি দিলেও ঠিকাদার নয় তলা নির্মাণের প্রক্রিয়া অবলম্বন করেছেন বলে বিল্ডিং ডিপার্টমেন্টের কমিশনার আহমেদ তিজানি সংবাদমাধ্যমে বলেছেন।

সিএনএন লিখেছে, তিন তলা ভবনটির পাশে নির্মাণকাজের অনুমতিপত্র দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে গত মার্চ মাসে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংসে একটি প্রতিবেদন দিয়েছিলেন প্রকৌশলীরা। সেখানে তিন তলা ভবনটির উত্তর দিকের দেয়ালের ‘খারাপ অবস্থা’ এবং ফাটল শনাক্তের কথা তুলে ধরেছিলেন তারা। ধসে পড়ার আগে ভবনটির উত্তর দিকের দেয়ালে ওপর থেকে নিচ পর্যন্ত বড় ফাটল ছিল। আর ওই দেয়ালটি ছিল পাশের নির্মাণ সাইট লাগোয়া।

ওই প্রতিবেদন অনুযায়ী, তিন তলা ভবনটিতে কম্পন পর্যবেক্ষণ যন্ত্র বসানোর কথা ছিল। ভবনটির অবস্থানের কোনো পরিবর্তন বা স্থানচ্যুতি ঘটেছে কি না, তা নির্ণয়ের জন্য অন্তত সপ্তাহে একবার পরিমাপ নেওয়ার নির্দেশনাও ছিল। তবে এসব ব্যবস্থা বাস্তবে নেওয়া হয়েছিল কিনা কিংবা ধসে পড়ার আগে পর্যবেক্ষণে উদ্বেগজনক কোনো লক্ষণ ছিল কিনা, তা নিশ্চিত হতে না পারার কথা লিখেছে সিএনএন।

নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি হতাহতদের জন্যে সমবেদনা প্রকাশ করেছেন। নগরবাসীকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।