২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোনালদোর দল ছাড়তে চাওয়ার খবর ভিত্তিহীন’

বিশ্বকাপের মাঝপথে এই ফরোয়ার্ড স্কোয়াড ছেড়ে যাওয়ার মতো কিছু বলেননি, জানিয়েছে পর্তুগালের ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 08:49 PM

Updated : 08 Dec 2022, 08:49 PM

শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশে জায়গা না পাওয়া ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বকাপ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছেন, বাতাসে ভাসছে এমন গুঞ্জন। ভিত্তিহীন বলে বিষয়টি উড়িয়ে দিয়েছে পর্তুগালের ফুটবল ফেডারেশন (এফপিএফ)। 

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ের গত মঙ্গলবার রোনালদোকে ছাড়াই একাদশ সাজান পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস। ৭৩তম মিনিটে বদলি হিসেবে নামার সুযোগ পান সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ম্যাচে সুইসদের ৬-১ গোলে উড়িয়ে দেয় ইউরো ২০১৬ চ্যাম্পিয়নরা। 

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলস্কোরার একবার জালে বল পাঠান তবে অফ সাইডের জন্য মেলেনি গোল। 

এরপর গত বুধবার রোনালদো নিয়ম ভেঙে দলের সঙ্গে অনুশীলন করেননি বলে গণমাধ্যমে খবর আসে। সুইজারল্যান্ড ম্যাচে শুরুর একাদশে সুযোগ না পাওয়া খেলোয়াড়দের অনুশীলনে ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের যোগ দেওয়ার কথা থাকলেও তিনি নাকি অনুপস্থিত ছিলেন। 

মার্কা, মুন্দো দেপোর্তিভো, টিওয়াইসি স্পোর্টস সহ আরও কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুরুর একাদশের খেলোয়াড়দের সঙ্গে কেবল জিম করেন রোনালদো। 

এর মধ্যেই নতুন গুঞ্জন ছড়িয়ে পরে, রোনালদো নাকি বিশ্বকাপের মাঝপথে স্কোয়াড ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছেন। 

বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এফপিএফ জানায়, বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। 

“এফপিএফ স্পষ্ট করে দিতে চায় যে, জাতীয় দলের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো কোনো সময়ই কাতারে জাতীয় দল ছাড়ার হুমকি দেননি।” 

ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়েছেন রোনালদোও। রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলার লিখেছেন, দল হিসেবে লক্ষ্য অর্জনের জন্য তারা ঐক্যবদ্ধ আছেন। 

“বাইরের কোনো ঘটনায় ভেঙে পরার মতো নড়বড়ে নয় এই দল। জাতি হিসেবে আমরা খুব সাহসী, তাই সামনে যে প্রতিপক্ষ থাকুক না কেন, আমরা ভীত হই না। সত্যিকার অর্থেই আমাদের দলটা বিশ্বসেরা, যারা শেষ পর্যন্ত স্বপ্নের জন্য লড়াই করবে! আমাদের ওপর বিশ্বাস রাখুন! এগিয়ে যাও, পর্তুগাল!” 

শেষ আটের লড়াইয়ে আগামী শনিবার রোনালদোদের প্রতিপক্ষ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠা মরক্কো।