বার্সেলোনার একাদশে জায়গা ‘প্রাপ্য’ মনে করেন ডি ইয়ং
তবে এই মুহূর্তে যে শুরুর একাদশে জায়গা মিলবে না সেটাও বুঝতে পারছেন অভিজ্ঞ ডাচ মিডফিল্ডার।
চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠলেও ম্যাচ খেলার সুযোগ এখনও পাননি ফ্রেঙ্কি ডি ইয়ং। এর মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করে ডাচ মিডফিল্ডার বলেছেন, নিজেকে কাতালান ক্লাবটির শুরুর একাদশের একজন মনে করেন তিনি। ধীরে ধীরে সেই জায়গা আবারও পাকা করতে চান।
হাঁটুর চোটে চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে এখনও কোনো ম্যাচ খেলতে পারেননি ২৯ বছর বয়সি ডি ইয়ং। ফিট হয়ে উঠলেও, রোববারের ক্লাসিকোয় তার শুরুর একাদশে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। হয়তো বদলি খেলোয়াড় হিসেবে কিছুক্ষণ তাকে খেলাতে পারেন কোচ হান্সি ফ্লিক।
কাম্প নউয়ে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। মৌসুমের প্রথম ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
জিগো স্পোর্টের সঙ্গে আলাপকালে বর্তমানে দলে তার ভূমিকা নিয়ে জানতে চাওয়া হয় ডি ইয়ংয়ের কাছে। তখন নিজের ভাবনা তুলে ধরেন এই ফুটবলার।
“আমার মনে হয়, আমি এই দলের একজন এবং তাদের হয়ে খেলতে পারব বলেও বিশ্বাস করি। কার সঙ্গে খেলছি, সেটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়।”
বার্সেলোনার শুরুর একাদশের নিয়মিত সদস্যদের একজন ছিলেন অভিজ্ঞ ডি ইয়ং। দলটিতে এখন পেদ্রি পাশাপাশি আছেন মাঝমাঠের আরেক তারকা ফুটবলার রদ্রি। তাই প্রতিযোগিতা যে বেশি বুঝতে পারছেন ডি ইয়ং।
এমন পরিস্থিতিতে বদলি খেলোয়াড় হিসেবে নিজেকে মানিয়ে নেবেন কিনা, তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “না, আমি (বদলি হিসেবে খেলার সঙ্গে) অভ্যস্ত হতে চাই না।”
বাস্তবতা উপলব্ধি করে ডি ইয়ং বলেছেন, ধীরে ধীরে শুরুর একাদশে ফেরাই তার লক্ষ্য।
“তবে আমি বর্তমান পরিস্থিতি বুঝতে পারছি, বিশেষ করে, দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর। আমি জানি, ধীরে ধীরে ফিরতে হবে এবং এখনই ম্যাচের শুরু থেকে খেলতে পারব না। তবে দীর্ঘমেয়াদে আমি নিয়মিত খেলতে চাই। যত দ্রুত সম্ভব শুরুর একাদশে ফেরাই আমার লক্ষ্য।”
