হ্যারি কেইন জ্বললেন, পরে ইংল্যান্ডকে সাথে নিয়ে নিভলেনও
দুই পেনাল্টির মধ্যে একটিতে লক্ষ্যভেদ করলেন, অন্যটি উড়িয়ে মেরে দলকেও ডোবালেন এই ইংলিশ ফরোয়ার্ড।
গ্রুপ পর্বে তিনি একেবারেই আড়ালে। ইংল্যান্ড জিতছে, কিন্তু তিনি গোলহীন। অথচ রাশিয়া থেকে জেতা গোল্ডেন বুট তার পায়ে! অবশেষে ব্যর্থতার আগল ভাঙলেন হ্যারি কেইন। জ্বলে উঠলেন শেষ ষোলোয়। গোল পেলেন সেনেগালের জালে। ৬৬ বছরের শিরোপা খরার হাহাকার নিয়ে কাতারের মরুভূমিতে আসা ইংল্যান্ড তরতর করে উঠে গেল কোয়ার্টার-ফাইনালের মঞ্চে। এ মহারণে তিনি গোল পেয়ে ফের জ্বলে উঠলেন, আবার মিস করে ফের নিভেও গেলেন! তাতে ‘থ্রি লায়ন’দের তর্জন-গর্জনও থেমে গেল শেষ আটে।
সেই ১৯৬৬ সালে বিশ্বকাপে ইংল্যান্ডের পাওয়া প্রথম সাফল্যের গল্পে ধুলো জমেছে ঢের। প্রতিবারই প্রত্যাশার ফানুস ওড়ে, আবার চুপসেও যায়। কিন্তু এবার গ্যারেথ সাউথগেটের দল তা ঝেড়ে ফেলার ইঙ্গিত দেয় গ্রুপ পর্বেই। তিন ম্যাচের দুটিতে জয় ও একটিতে ড্র করে গ্রুপ সেরা হয়ে তাদের নকআউট পর্বে আসে। শেষ ষোলোয় সেনেগালের বিপক্ষে ৩-০ গোলের আয়েশী জয়ে ইংলিশ সমর্থকদের প্রত্যাশার পারদও উঁচুতে চড়তে শুরু করে। কিন্তু ফ্রান্সের বিপক্ষে কঠিন পরীক্ষায় নেমে দিশেহারা ইংল্যান্ড। হেরে গেছে ২-১ গোলে।
কেইনের সামনে সুযোগ ছিল ইংল্যান্ডের রণতরীকে বন্দরে ভেড়ানোর, আশাও জাগালেন, কিন্তু তীরে এসে তরিও ডোবালেন তিনি। দুটি পেনাল্টির একটি কাজে লাগালেন, আরেকটি মারলেন ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে। তাতে এ যাত্রায় ভেঙে গেল ইংল্যান্ডের শিরোপা স্বপ্ন।
এশিয়ার আঙিনায় হওয়া বিশ্বকাপে এবারও কোয়ার্টার-ফাইনালের বাঁধা পার হওয়া হলো না ইংল্যান্ডের। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানের আসরেও শেষ আটে থেমেছিল তাদের যাত্রা। সেবার কোচ ছিলেন সভেন-গোরান এরিকসন, এবার সাউথগেট। সেবার প্রতিপক্ষ ব্রাজিল, এবার ফ্রান্স। সেবার ডেভিড বেকহ্যাম-মাইকেল ওয়েন, এবার কেইন-বেলিংহ্যাম-বুকায়ো সাকা-ফিল ফোডেনসহ আরও অনেকে। কোচ, প্রতিপক্ষ, খেলোয়াড়ের অনেক বদল, কিন্তু ফল একই!
বরং বলা যায়, ফল আরও বাজে। বিশ্বকাপের আঙিনায় এই প্রথম ফরাসিদের বিপক্ষে ‘যুদ্ধে’ হারল ইংলিশরা। ১৯৬৬ সালে প্রথম বিশ্বকাপ জয়ের পথে গ্রুপ পর্বের দেখায় রজার হান্ট জোড়া গোলে ‘শিকার’ করেছিলেন ফরাসিদের। ১৯৮২ সালের আসরে ব্রায়ান রবসন ও পল মেরিনারের গোলে ৩-১ ব্যবধানে জিতেছিল তারা। হান্ট, রবসনের রাশ টেনে নিতে পারলেন না কেইন-ফোডেনরা।
সপ্তদশ মিনিটে অহেলিয়া চুয়ামেনির দূরপাল্লার দুর্দান্ত গোলে এগিয়ে যায় ফ্রান্স।
দ্বিতীয়ার্ধের শুরুতে জুড বেলিংহ্যামের শট ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন লরিস। এ হতাশা কাটিয়ে উঠতে অবশ্য ইংল্যান্ডকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৫৩তম মিনিটে বক্সে সাকাকে ফাউল করে বসেন চুয়ামেনি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি; ইংলিশ সমর্থকদের গগনবিদারী আওয়াজে গ্যালারি গুম-গুম করতে থাকে। তাতে স্পট কিক নিতে গিয়ে শুরুতে হয়তো একটু মনোসংযোগে ব্যাঘাত ঘটে কেইনের। একটু সময় নিয়ে নতুন করে নিজেকে প্রস্তুত করে নিখুঁত শটে দলকে সমতার উচ্ছ্বাসে ভাসান ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। নিজেও বসেন দেশের ইতিহাসের রেকর্ড গোলদাতা ওয়েইন রুনির পাশে; দুজনেরই গোল ৫৩টি।
ফরাসিদের রক্ষণ ব্যুহ ভেদ করে এরপর আক্রমণ শাণাতে থাকে ইংল্যান্ডও। ৭০তম মিনিটের ফ্রি কিকে হ্যারি ম্যাগুইয়ারের দারুণ হেড পোস্টের বাইরের দিকে লাগে। পাল্টা জবাব দেওয়া ফ্রান্স এগিয়ে যায় ৭৮তম মিনিটে। অলিভিয়ে জিরুদের হেড জালে জড়ালে শোনা যায় ইংলিশ সমর্থকদের দীর্ঘশ্বাস। দুই মিনিট পর ফের তাদের নেচে ওঠার উপলক্ষ্যও আসে। ম্যাসন মাউন্টকে ডিফেন্ডার থিও এরনঁদেজ ফাউল করলে। শুরুতে পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। পরে ভিএআরের সাহায্যে নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
কেইন আবারও আসেন পেনাল্টি নিতে। গ্যালারিতে তখন যেন সুনশান নিরবতা। সমতার উচ্ছ্বাসে ভেসে যাওয়ার অপেক্ষায় ইংলিশ সমর্থকরা। কিন্তু কেইন পোস্টেই বল রাখতে পারেননি, মারেন ক্রসবারের অনেক উপর দিয়ে উড়িয়ে! বিষাদের বাতাস শো-শো শব্দে বয়ে যায় আল বাইতের চারধারে।
বাকিটা সময়ে কেইনের ব্যর্থতা শত চেষ্টায়ও আড়াল করতে পারেননি কেউ। ততক্ষণে দেশমের দল জয়ের ঘ্রাণ পেতে শুরু করেছে। ম্যাচজুড়ে ইংলিশ সমর্থকদের সঙ্গে গ্যালারির দখল নেওয়ার ‘যুদ্ধে’ সমানে লড়ে যাওয়া ফরাসি সমর্থকরা ক্ষণ গুণছে জয়ের উচ্ছ্বাসে ভেসে যাওয়ার। এর মধ্যে একটু আশঙ্কার উঁকি-ঝুঁকি। কিন্তু র্যাশফোর্ডের শট ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়; কাতার বিশ্বকাপে বিদায়ে ‘খরচের খাতায়’ পড়ে যায় ইংল্যান্ডও।
