ভালেন্সিয়ার জোড়া গোলে একুয়েডরের দারুণ শুরু
প্রতিপক্ষকে তেমন একটা চ্যালেঞ্জই জানাতে পারেনি কাতার।
স্টেডিয়াম ভর্তি সমর্থকদের সামনে বিশ্বকাপে অভিষেক, কিছুটা যেন স্নায়ুর চাপ পেয়ে বসল কাতারকে। শুরুতেই গোলরক্ষক করে বসলেন ভুল। সে যাত্রায় বেঁচে গেলেও তাদের দুর্বলতার সুযোগ দারুণভাবে কাজে লাগালেন এনের ভালেন্সিয়া। প্রথমার্ধেই ১৫ মিনিটের ব্যবধানে করলেন জোড়া গোল। জয়ের হাসিতে পথচলা শুরু হলো লাতিন আমেরিকার দেশটির।
আল বাইত স্টেডিয়ামে রোববার কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে জিতেছে একুয়েডর। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো স্বাগতিক দল আসরে প্রথম ম্যাচে হারের স্বাদ পেল।
আসর শুরুর তৃতীয় মিনিটেই গ্যালারি ভর্তি স্বাগতিক সমর্থকদের মুহূর্তের জন্য স্তব্ধ করে দেন ভালেন্সিয়া। পোস্ট ছেড়ে ডি-বক্সের মধ্যেই এগিয়ে বল ক্লিয়ার করতে গিয়ে গড়বড় করে ফেলেন স্বাগতিক গোলরক্ষক। সেই সুযোগে ডান দিক থেকে সতীর্থের দারুণ অ্যাক্রোবেটিক পাস পেয়ে গোলমুখ থেকে হেডে জালে বল পাঠান একুয়েডর অধিনায়ক। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডে বাঁশি বাজান রেফারি।
একের পর এক আক্রমণে প্রবল চাপ ধরে রাখে একুয়েডর। চতুদর্শ মিনিটে ডি-বক্সে ঢুকে পড়েন ভালেন্সিয়া। তাকে গোলরক্ষক সাদ আলশিয়েব ফেলে দিলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাশি বাঁজান রেফারি। নিখুঁত শটে বল জালে পাঠান ফেনেরবাচের ফরোয়ার্ড ভালেন্সিয়া। আগেই উল্টোদিকে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক কোনো সুযোগই পাননি।
৩১তম মিনিটে আবারও ভালেন্সিয়ার দারুণ হেড এবং কাতালের জালে বল। এবার ঠিকই বাজে গোলের বাঁশি। ডান দিক থেকে সতীর্থ ডিফেন্ডার আনহেলো প্রেসিয়াদোর দারুণ ক্রস দূরের পোস্টে পেয়ে লাফিয়ে নেওয়া হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভালেন্সিয়া।
বিরতির বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে দারুণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কাতার। ডান দিক থেকে আসা সতীর্থের ক্রসে মাথা ছোঁয়ালেও যথেষ্ট জোর দিতে পারেননি। বল তার মাথা ছুঁয়ে চলে যায় বাইরে।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ব্যবধান আরও বাড়তে পারতো। তবে এ যাত্রায় ভুল করেননি আলশিয়েব। একুয়েডর মিডফিল্ডার রোমারিও ইবারার জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। খানিক পর একটি হাফ-চান্স পায় কাতার; পেদ্রো মিগেলের হেড পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।
স্কোরলাইনের শক্ত অবস্থানের কারণেই কি-না, বাকি সময়ে একুয়েডরের মধ্যে তেড়েফুড়ে আক্রমণে ওঠার চেষ্টা দেখা যায়নি। কাতারও পারেনি নতুন উজ্জীবনী শক্তিতে বলীয়ান হতে।
নির্ধারিত সময় শেষের পাঁচ মিনিট আগে দারুণ এক প্রতি-আক্রমণে ভীতি ছড়ায় কাতার। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো থ্রু বল পেয়ে ডি-বক্সের মুখ থেকে জোরাল হাফ ভলি মারেন মোহামেদ মুনতারি। ক্রসবারের ওপর দিয়ে যায় বল।
দল হারলেও গ্যালারিতে কাতার সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরোটা সময় দলকে অনুপ্রেরণা জুগিয়েছে তারা।
