জাপান ম্যাচ নিয়ে খুব সতর্ক জার্মানি
অভিজ্ঞতা ও শক্তিমত্তায় এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
স্কোয়াডের শক্তি কিংবা ফুটবল ইতিহাস, সব ক্ষেত্রেই জার্মানি ও জাপানের মধ্যে ব্যবধান যোজন যোজন। এশিয়ার দলটির বিপক্ষে ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে হান্স ফ্লিকের দল। তবে মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে হালকাভাবে নিলে বিপদ হতে পারে যে কারো….. চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
টুর্নামেন্টে শুরুর ম্যাচ সামনের পথচলার জন্য সব দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। তাই ভালো সূচনা পেতে জাপানও কঠিন চ্যালেঞ্জ জানাবে বলে মনে করছেন জার্মান দলের পরিচালক অলিভার বিয়েরহফ।
'ই' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার জাপানের বিপক্ষে খেলবে জার্মানি। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন ও এবারের আসরের ফেভারিট দলগুলোর একটি স্পেন।
দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী হওয়ায় জাপানের বিপক্ষে ম্যাচটি জার্মানির জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, এই ম্যাচে পা হড়কালে জটিল হয়ে যেতে পারে তাদের শেষ ষোলোর সমীকরণ।
২০১৮ বিশ্বজাপ জার্মানির জন্য ছিল একরাশ হতাশার। চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে তাদের পথচলা শেষ হয়ে যায় গ্রুপ পর্বেই। ৮০ বছরের মধ্যে বিশ্ব সেরার মঞ্চে যা ছিল তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স।
ওই বছরই শুরু হওয়া উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরেও হতশ্রী পারফরম্যান্সে ‘এ’ লিগ থেকে ‘বি’ লিগে অবনমন হয়ে যায় জার্মানদের। পরে নিয়মের পরিবর্তনের কারণে তারা টিকে যায় শীর্ষ পর্যায়ে। এরপর গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শেষ ষোলো থেকে বাদ পড়ে দলটি।
এরপর দলে আসে ব্যাপক রদবদল। কোচের দায়িত্ব নেন সাবেক বায়ার্ন মিউনিখ কোচ ফ্লিক। তার হাত ধরে টানা আট ম্যাচ জিতলেও এ বছর আবার পথ হারিয়ে ফেলেছে তারা।
সাম্প্রতিক ফর্ম আশানুরূপ না হলেও কাতার বিশ্বকাপে জার্মানিকে নিয়ে আশাবাদী অনেকেই। আসরে এগিয়ে যেতে হলে শুরুটা তাই খুব গুরুত্বপূর্ণ হবে দলটির জন্য। এজন্য সব বিভাগে নিজেরা এগিয়ে থাকলেও জাপানকে সমীহের চোখে দেখছে তারা।
এই ম্যাচ প্রসঙ্গে সম্প্রতি বিয়েরহফ বলেন, লড়াইটা মোটেও সহজ হবে না তাদের জন্য।
“জাপানের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রথম মিনিট থেকেই মনোযোগ ধরে রাখতে হবে। তাহলে এই দল নিয়ে সবকিছুই সম্ভব।"
জার্মানির জন্য চ্যালেঞ্জ হতে পারে প্রতিপক্ষ শিবিরে বেশ কয়েকজন বুন্ডেসলিগার খেলোয়াড়ের উপস্থিতির বিষয়টি। দেশটির শীর্ষ লিগের আটজন খেলোয়াড় রয়েছে জাপান দলে।
