ব্রাজিলের বিপক্ষে ‘আরও ভালো’ খেলার আশায় ক্রোয়েশিয়া
তিতের দলকে ফেভারিট মানলেও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছে ক্রোয়াটরা।
ক্রোয়েশিয়ার কোচ কিংবা খেলোয়াড়, সবাই সংবাদমাধ্যমের সামনে এসে প্রশংসায় ভাসাচ্ছেন ব্রাজিলকে। ক্রোয়াট ডিফেন্ডার দেইয়ান লভরেনের মতে, দুটি ভিন্ন একাদশ মাঠে নামানোর সামর্থ্য আছে তিতের দলের। মিডফিল্ডার মাতেও কোভাচিচের অবশ্য দৃঢ় বিশ্বাস, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আরও ভালো খেলতে পারবেন তারা।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। টানা দ্বিতীয়বার সেমি-ফাইনালে খেলার আশায় গত আসরের রানার্সআপরা।
টুর্নামেন্টের ফেভারিট দলগুলির একটি ব্রাজিল শেষ ষোলোয় দাপুটে পারফরম্যান্সে দক্ষিণ কোরিয়াকে গুঁড়িয়ে দেয় ৪-১ গোলে। দক্ষিণ আমেরিকার দলটিকে যথেষ্ট সমীহ করছেন লভরেন।
"টুর্নামেন্ট শুরুর আগে থেকে ব্রাজিল ফেভারিট। তারা দুটি দল গড়তে পারে, যারা এই পর্যায়ে খেলতে পারে। তাদের যে কেউ বেঞ্চ থেকে বদলি নেমেই তাৎক্ষণিক প্রভাব রাখতে পারে। আমরা সবাইকে সম্মান করি এবং আমরা এভাবেই সবকিছু করি।”
এর আগে ব্রাজিলকে ‘ভয়ঙ্কর’ দল হিসেবে আখ্যায়িত করেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। তাদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে মনে করেন তিনি।
ক্রোয়েশিয়া শেষ আটে এসেছে জাপানের সঙ্গে ১২০ মিনিটের লড়াইয়ে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে জিতে। দলের সবাই শারীরিকভাবে ঠিক আছে বলে জানালেন চেলসি মিডফিল্ডার কোভাচিচ।
“আমরা দেখিয়েছি যে, শারীরিকভাবে আমরা খুব ভালো অবস্থায় আছি। এই বিশ্বকাপ খেলার সময় আমরা অনেক পরিশ্রম করেছি। জাপান খুব গোছানো দল ছিল এবং তাদের প্রতিরোধ ভাঙা কঠিন ছিল। তবে আমরা শারীরিকভাবে দৃঢ়তা দেখিয়েছি। আমি বিশ্বাস করি, আমরা আরও ভালো খেলতে পারব।”
ক্রোয়েশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হবে পজেশনে ধরে রাখা। এবার সেরা একাদশ মাঠে নামানোর জন্য প্রস্তুত ব্রাজিল কোচ তিতে।
চোটের কারণে গ্রুপের শেষ দুই ম্যাচে খেলতে না পারা তারকা ফরোয়ার্ড নেইমার ও ডিফেন্ডার দানিলো ফেরেন কোরিয়া ম্যাচ দিয়ে। ক্রোয়েশিয়ার বিপক্ষে আলেক্স সান্দ্রোকেও পাচ্ছেন কোচ।
নেইমার, রিশার্লিসন, ভিনিসিউস জুনিয়রকে নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণভাগকে আটকে রাখার কঠিন চ্যালেঞ্জ ক্রোয়াটদের সামনে। কাজটা তারা ঠিকঠাক করতে পারবেন বলে আশাবাদী লভরেন।
“আমরা কিভাবে তাদের থামাতে পারি? খুব সোজা হিসাব। আমাদের লক্ষ্য পুরো দলকে থামানোর চেষ্টা করা। খুব কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে।”
গোলের পর সাধারণত নেচে উদযাপন করেন ব্রাজিলের খেলোয়াড়রা। যা একটু বেশি দেখা গেছে কোরিয়ার বিপক্ষে ম্যাচে। তাদের অমন উদযাপন প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক আচরণ বলে মন্তব্য করেন কেউ কেউ। লভরেন যদিও কোনো সমস্যা দেখছেন না।
“সত্যি বলতে, সবাই যেভাবে খুশি উদযাপন করতে পারে। এটাকে আমি অসম্মানজনক মনে করি না। সবকিছুরই একটা নির্দিষ্ট সীমা আছে। তবে ব্রাজিলিয়ানরা গান গাইতে ও নাচতে পছন্দ করে। এতে আমার কোনো সমস্যা নেই।”
