‘আর্জেন্টিনাকে সমর্থন করতে পারছি না, তবে তারাও ফেভারিট’
বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নিয়ে দারুণ আশাবাদী ‘দা ফেনোমেনন’ রোনালদো।
সাম্প্রতিক ফর্ম ও শক্তিমত্তার বিচারে কাতার বিশ্বকাপে ফেভারিটের তালিকায় আছে আর্জেন্টিনা। ৩৬ বছরের খরা কাটিয়ে দলটির সামনে আবারও বিশ্বকাপ জয়ের দারুণ সম্ভাবনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কারো পক্ষে অবশ্য বিষয়টি মেনে নেওয়া একটু কঠিনই। ‘দা ফেনোমেনন’ রোনালদোও এর ব্যতিক্রম নন।
ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার বললেন, বাস্তবতা মেনে নিলেও মেসি-দি মারিয়াদের সমর্থন করা তার পক্ষে সম্ভব নয়।
৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে খেলবে আর্জেন্টিনা। ব্রাজিলকে ফাইনালে হারিয়ে গত বছর লিওনেল স্কালোনির দল চ্যাম্পিয়ন হয় কোপা আমেরিকার।
তাদের পাশাপাশি এবারের আসরে ফেভারিটের তালিকায় রাখা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, ব্রাজিল, স্পেনকেও।
স্পোর্টস্টারে বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ফেভারিট প্রসঙ্গে রোনালদো বলেন, আর্জেন্টিনাকে বিবেচনার বাইরে রাখা কঠিন হবে।
“কয়েকটি ফেভারিট দল আছে। ফ্রান্স শিরোপার দাবিদারদের একটি। বিশ্বকাপে জার্মানিকে বাদ দেওয়া যায় না। ইউরোর ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। স্পেন ভালো খেলছে এবং তাদের আইবেরিয়ান প্রতিবেশী পর্তুগালও ভালো খেলছে।”
“আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কারণে আমি আর্জেন্টিনাকে সমর্থন করতে পারছি না! তবে অস্বীকার করার উপায় নেই যে, তারাও শিরোপার দাবিদার দলগুলোর একটি।”
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে থেকে বিশ্ব সেরার মঞ্চে জায়গা করে নিয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে তিতের দলটি বেশ ভারসাম্যপূর্ণ।
ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা রোনালদো মনে করেন, বাছাইয়ে তাদের ফর্মই বলে দেয় যে নেইমার-ভিনিসিউসদের দল কতটা শক্তিশালী।
“আমাদের একটি দুর্দান্ত স্কোয়াড আছে এবং আমরা শিরোপা জিততে পারি। ব্রাজিল ভালো খেলছে। কোয়ালিফায়ারে তারা দুর্দান্ত ছিল।”
“আমরা সবাই জানি দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব কতটা কঠিন। মহাদেশ জুড়ে বিভিন্ন কন্ডিশনে আমাদের কঠিন সব প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়। একটা দল যখন ভালো খেলে, এই ধরনের পরিস্থিতিতে ধারাবাহিকভাবে আধিপত্য ধরে রাখে, তখন আমাদের বিশ্বাস করতে হবে যে দলে সবকিছু ঠিকঠাক চলছে। এগুলো ভালো কিছুর ইঙ্গিত দেয়।”
বিশ্বকাপে ‘জি’ গ্রুপে ব্রাজিলের তিন প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল।
‘সি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
