পর্তুগাল-মরক্কো, এগিয়ে নেই কেউ
এখন পর্যন্ত বিশ্বকাপে দুইবার দেখা হয়েছে দুই দলের।
স্বপ্নের মতো বিশ্বকাপ কাটছে মরক্কোর। প্রথমবারের মতো বিশ্ব সেরার মঞ্চে কোয়ার্টার-ফাইনাল খেলছে আফ্রিকার দলটি। কখনো বৈশ্বিক আসরে ফাইনাল খেলতে না পারা পর্তুগালও আছে দারুণ ছন্দে। শেষ আটে দেখা হতে যাচ্ছে এই দুই দলের।
আগামী শনিবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও মরক্কো। দোহার আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু ম্যাচটি।
মুখোমুখি লড়াইয়ে সমানে-সমান পর্তুগাল ও মরক্কো। সমতা ভাঙার ম্যাচের আগে দুই দলের আরও কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো।
* ২০১৬ ইউরোর চ্যাম্পিয়ন পর্তুগাল এখন পর্যন্ত একবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। বিশ্ব মঞ্চে তাদের অভিষেক ১৯৬৬ সালে। প্রথম আসরেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় দলটি। শিরোপাধারী ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় করে দেয় তারা। তিন ম্যাচের সবগুলো জিতে পরের ধাপে জায়গা করে নেয়।
* ওই আসরেই সেমি-ফাইনাল খেলে পর্তুগাল। সেখানে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে শেষ হয় তাদের পথচলা। পরে সোভিয়েত ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয় পর্তুগিজরা। এখন পর্যন্ত বিশ্বকাপে যা তাদের সেরা সাফল্য। ২০০৬ সালেও সেমি-ফাইনাল খেলে তারা।
* মরক্কোর বিশ্বকাপ অভিষেক ১৯৭০ সালে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করেছিল তারা, ১৯৮৬ আসরে।
* ১৯৯৮ সালে স্কটল্যান্ডকে হারানোর পর বিশ্বকাপে মরক্কোর প্রথম জয় এসেছে এবারের আসরে, গ্রুপ পর্বে বেলজিয়ামের বিপক্ষে।
* শেষ ষোলোয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। বিশ্বকাপের শেষ আটে ওঠা প্রথম আরব দেশ তারা।
* কোনো দলকে নকআউট পর্বে তোলা প্রথম আরব কোচ ওয়ালিদ রেগরাগি। গত সেপ্টেম্বরে মরক্কোর দায়িত্ব নেন তিনি। তার কোচিংয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে অপরাজিত আফ্রিকার দলটি। এখন পর্যন্ত কেবল একটি গোল হজম করেছে তারা; বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে কানাডার বিপক্ষে।
* আফ্রিকার চতুর্থ দল হিসেবে শেষ আটে খেলছে মরক্কো। ১৯৯০ সালে ক্যামেরুন, ২০০২ সালে সেনেগাল ও ২০১০ সালে ঘানা খেলেছিল কোয়ার্টার-ফাইনালে।
* চলতি আসরে প্রথম হ্যাটট্রিক করেছেন পর্তুগালের ২১ বছর বয়সী ফরোয়ার্ড গনসালো রামোস। শেষ ষোলোয় সুইজারল্যান্ডকে ৬-১ গোলে হারানোর ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। ২০০২ সালে জার্মানির মিরোস্লাভ ক্লোসার পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে নেমে হ্যাটট্রিক করেন বেনফিকার এই ফরোয়ার্ড।
* একটি গোল করলেই ক্রিস্তিয়ানো রোনালদো ছুঁয়ে ফেলবেন বিশ্ব মঞ্চে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল করা ইউজেবিওকে। তিনি ৯টি গোলই করেছিলেন ১৯৬৬ সালের বিশ্বকাপে। ওই একটি আসরেই খেলেছিলেন গ্রেট ইউজেবিও।
* মরক্কোর জালে এখন পর্যন্ত প্রতিপক্ষ একবারও বল পাঠাতে পারেনি। চার ম্যাচে তারা একমাত্র গোল হজম করেছে গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ২-১ ব্যবধানের ম্যাচে; আত্মঘাতী গোলটি করেন ডিফেন্ডার নায়েফ আগের্দ।
* সুইজারল্যান্ডের বিপক্ষে অনায়াস জয়ে একটি গোল করেন পেপে। ৩৯ বছর ও ২৮৩ দিন বয়সে গোলটি করে ইতিহাসের পাতায় নাম লেখান পর্তুগালের এই ডিফেন্ডার। বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি এখন তার।
* এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে পর্তুগাল ও মরক্কো, দুইবারই বিশ্বকাপে। ১৯৮৬ আসরের গ্রুপ পর্বে পর্তুগিজদের ৩-১ গোলে হারায় আফ্রিকার দলটি। ৪ বছর আগে রাশিয়া আসরে দেখা হয় দুই দলের। ক্রিস্তিয়ানো রোনালদোর একমাত্র গোলে ম্যাচটি জেতে পর্তুগাল।
