২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েশিয়া ম্যাচে কোপার ছবি আকঁবেন মার্তিনেস?

আর্জেন্টাইন এই গোলরক্ষককে সতীর্থরা ডাকেন দিবু নামে।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

দোহা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 11:20 AM

Updated : 21 Dec 2022, 05:53 PM

মাঝমাঠ পেরিয়ে মাঠের পশ্চিম কোণে, দৃষ্টিতে থেকে বেশ খানিকটা দূরে অনুশীলনে ব্যস্ত তিন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি। টেনিসের নেটেও চলল তাদের প্রস্তুতি। সে প্রস্তুতির কেন্দ্রে মার্তিনেস। কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসের দুটি শট আটকে যিনি আর্জেন্টিনার জয়ের আরেক নায়ক।

লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে সবকিছু ঠিকঠাক থাকলে মার্তিনেসের কাঁধে থাকবে আর্জেন্টিনার পোস্ট সামলানোর দায়িত্ব। বিপরীত দিকে থাকা ফ্ল্যাড লাইটের আলোর ঝলকানি ভেদ করে তার প্রস্তুতি ঠিকঠাক দেখা কঠিন। তারপরও যতটুকু দৃষ্টিগোচর হয়, তাতে দেখা গেল লাফিয়ে, ঝাঁপিয়ে তিনি ঠিকঠাকই বল জমিয়ে নিচ্ছেন গ্লাভসে।

আর্জেন্টিনার প্রয়োজনের সময় দীর্ঘকায় দুই বাহু প্রসারিত করে এর আগেও এগিয়ে এসেছেন মার্তিনেস। সবশেষ নেদারল্যান্ডস ম্যাচেই দেখা গেছে এমনটা। নাহুয়েল মোলিনা ও লিওনেল মেসির গোলে যখন সহজ জয়ের ছবিটা আলবিসেলেস্তারা এঁকে ফেলেছে, তখনই দৃশ্যপটে আবির্ভাব ভঠ ভেহর্স্টের। দুই গোলে নাটকীয় মোড় নিল সবকিছু। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়াল ম্যাচের ভাগ্য।

৬ ফুট ৫ ইঞ্চি লম্বা মার্তিনেসকে নিয়ে কদিন আগে সতীর্থ রদ্রিগো দে পল বলেছিলেন, “আমাদের আছে সেরা গোলরক্ষক।” তার প্রমাণ ডাচদের বিপক্ষে তিনি দিলেন টাইব্রেকারে ভার্জিল ফন ডাইকের প্রথম শটটি নিজের ডান দিকে ঝাঁপিয়ে আটকে। এরপর স্টিভেন বেরহাসের শটও ফেরালেন বাঁ দিকে ডাইভ দিয়ে। শঙ্কার মেঘ সরিয়ে ৪-৩ গোলে জিতে আর্জেন্টিনাও  উঠল সেমি-ফাইনালে।

ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া বলে আর্জেন্টিনার মনে একটু খচখচানি থাকতে পারে। কেননা, চার বছর আগের অভিজ্ঞ ছিল বড়ই তেতো। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ক্রোয়াটদের বিপক্ষে হার ছিল ৩-০ গোলের। কিন্তু এবার উইলি কাবাইয়েরোর বদলে পোস্টের নিচে মার্তিনেস থাকায় এবং সবশেষ ২০২১ সালের কোপা আমেরিকায় ৩০ বছর বয়সী এই গোলরক্ষকের নৈপুণ্যের কারণে আকাশি-নীল সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারেন।

কোপা আমেরিকায় ২৮ বছরের খরা নিয়ে গেল বছর ব্রাজিলে নোঙর ফেলে আর্জেন্টিনা। তরতরিয়ে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত পেরুনোর পর দেখা কলম্বিয়ার বিপক্ষে। লাউতারো মার্তিনেস সপ্তম মিনিটে স্কালোনির দলকে এগিয়ে নেওয়ার পর লুইস দিয়াস সমতা ফেরান। ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে তিনটি শট রুখে দিয়ে আর্জেন্টিনার জয়ের নায়ক এমিলিয়ানো মার্তিনেস।

পরে ফাইনালেও তিনি রাখেন অবদান। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আনহেল দি মারিয়ার একমাত্র গোলে জেতে আর্জেন্টিনা। নেইমার, রিশার্লিসনদের একাধিক শট মুখ রুখে দিয়ে সমতা ফেরাতে দেননি মার্তিনেস।

আর্জেন্টিনাও পেয়েছিল ১৯৯৩ সালের পর লাতিন ফুটবলের সেরার মুকুট। মেসিও পেয়েছিলেন আকাশি নীল-সাদা জার্সিতে প্রথম বড় কোনো ট্রফি জয়ের অনির্বচনীয় স্বাদ, হাঁফ ছেড়ে বাঁচার স্বস্তি। ম্যাচ শেষে প্রিয় সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছিলেন, “আমাদের আছে দিবু।”

এই ‘দিবু’ ডাকনাম মার্তিনেস পেয়েছিলেন ২০০৮ সালে ইন্দিপেন্দেন্তের যুব দলে খেলার সময়। তখন চুল ছিল কিছুটা লালচে। লাফিয়ে-ঝাঁপিয়ে পোস্টের নিচে তার সৃজনশীলতায়, বহুমূখী প্রতিভায় মুগ্ধ হয়ে ‘মি ফামিলিয়া এস উন দিবু’ সিরিজের জনপ্রিয় কার্টুন চরিত্রের নামে তাকে ডাকা শুরু করে সমর্থকেরা। মেসিরাও এখন ডাকেন সেই নামে।

‘দিবু’ মানে আঁকা। নামটি মার্তিনেসের সঙ্গে দারুণ মানায়ও। মার দেল প্লাতায় বেড়ে ওঠা শৈশব-কৈশরে আটলান্টিকের পাড়ে ছবি আঁকতেন খেলার ছলে। কোপা আমেরিকার গত আসরে আর্জেন্টিনার পোস্টের নিচে শিরোপা সাফল্যের ছবি এঁকে জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। দোহার মরুদ্যানেও এঁকে চলেছেন। তাতে বিশ্বকাপ পানে চাতকের মতো তাকিয়ে থাকা আলবিসেলেস্তা সমর্থকরাও করতে পারছেন তৃষ্ণা নিবারণের আশা।