শিখরে ফিরতে শেকড়ে যাওয়ার ডাক জার্মান কোচের
সুদিন ফিরিয়ে আনতে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান হান্স ফ্লিকের কণ্ঠে।
বিশ্বকাপের সফলতম দলগুলোর একটি জার্মানি বরাবরই কঠিন এক প্রতিদ্বন্দ্বী দল। সেই তারাই কিনা টানা দ্বিতীয়বারের মতো থামল গ্রুপ পর্বে। দেশটির ফুটবল ইতিহাসে এর চেয়ে কঠিন সময় খুব কমই এসেছে। এর থেকে উত্তরণের পথ বাতলে দিলেন দলটির কোচ হান্স ফ্লিক। তার মতে, তাদের অতীত সাফল্যের পেছনে জমাট রক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আবার তা ফিরিয়ে আনতে হবে।
২০০২ বিশ্বকাপে রানার্সআপ হওয়া জার্মানি পরের দুটি বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে। বৈশ্বিক আসরে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখে ২০১৪ আসরে তারা অর্জন করে চূড়ান্ত সাফল্য। চতুর্থবারের মতো হয় বিশ্ব চ্যাম্পিয়ন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও ফেভারিট ধরা হচ্ছিল তাদের। কিন্তু বিধিবাম। মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিদায় নিতে হয় নকআউট পর্বের আগেই।
গত বছর হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির বিদায়ঘণ্টা বেজে যায় শেষ ষোলোয়। দলে অনেক পরিবর্তন আসে এরপর। কোচের দায়িত্ব নেন ফ্লিক। তার হাত ধরে শুরুটা ভালো হলেও বিশ্বকাপ যত ঘনিয়ে আসছিল, ততই যেন পথ হারাচ্ছিলেন মুলার-নয়াররা। উয়েফা নেশন্স লিগের এবারের আসরে গ্রুপ পর্বে ৬ ম্যাচের একটিতে জিতে কোনোমতে 'এ' লিগে টিকে থাকে দলটি।
এরপরও নামটা জার্মানি বলেই সবাই আশায় ছিলেন, বড় মঞ্চে নিজেদের মেলে ধরবে তারা। কিন্তু প্রথম ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হেরে নিজেদের বড় সর্বনাশ করে ফেলে ফ্লিকের দল, যার চড়া মাশুল দিতে হয় শেষে গিয়ে। দ্বিতীয় ম্যাচে স্পেনের ১-১ সঙ্গে ড্র করে। শেষ ম্যাচে কোস্টা রিকাকে ৪-২ গোলে হারিয়েও কাজ হয়নি। পয়েন্ট সমান হলেও স্পেনের সঙ্গে গোল পার্থক্যে পিছিয়ে থেকে বাদ পরে ফ্লিকের দল।
কোস্টা রিকা ম্যাচের পর কীভাবে দেশটির ফুটবলে সুদিন ফিরে আসতে পারে সে প্রসঙ্গে কোচ বলেন, রক্ষণে তাদের এখনকার চেয়ে আরও দৃঢ় হতে হবে। স্পেনের উদাহারণ দিয়ে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান তার কণ্ঠে।
“আমাদের দলে শীর্ষ ক্লাবের খেলোয়াড় আছে এবং আমরা মানসম্পন্ন। জার্মান ফুটবলের ভবিষ্যতের জন্য আমাদের ভিন্নভাবে অনুশীলন করতে হবে। কয়েক বছর ধরে আমরা নতুন গোলরক্ষক এবং উইংব্যাক নিয়ে কথা বলে আসছি... কিন্তু সবসময় আমাদের যেটা ভালো ছিল, তা হলো আমরা রক্ষণে ভালো করেছি। আমাদের মূলে ফিরতে হবে (সঠিক পথে থাকতে)।”
“তরুণ খেলোয়াড়দের প্রস্তুত করার ক্ষেত্রে স্পেন ভালো, তারা তাদের কৌশল খুব ভালোভাবে জানে। আগামী ১০ বছরে আমাদের নতুন প্রজন্মের ফুটবলারদের দিকে নজর দিতে হবে।”
গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে জার্মানি জালের দেখে পেয়েছিল দুই বার। ফ্লিক মনে করেন, বিশেষ করে স্পেন ম্যাচে তাদের আরও গোল করা ও জেতার সুযোগ ছিল যা তারা কাজে লাগাতে পারেননি।
“আমি মনে করি স্পেনের বিপক্ষে আমাদের রক্ষণ জমাট ছিল। … আমাদের হাতে অনুশীলনের সময় ছিল না, কিন্তু এই (ব্যর্থতা) সেই কারণে হয়নি।”
“স্পেনের বিপক্ষে জিততে পারলে ভালো হতো, প্রতিপক্ষকে পেছনে ফেলতে পারতাম এবং আরও যদি আরও গোল করতে পারতাম – সেটা হয়তো আদর্শ হতো। দুর্ভাগ্যবশত আমরা তা করতে পারিনি। আমরা আজ জয় দিয়ে আমাদের দায়িত্ব পালন করেছি, তবে ফলাফল আরও ভালো হতে পারত।”
