মেসির আইনজীবীকে নিয়োগ দিল উরুগুয়ে
ফিফার পৃথক দুটি তদন্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন।
উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) ও দেশটির চার খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা। এই আইনী লড়াইয়ের জন্য এক সময় লিওনেল মেসিকে সমস্যা থেকে উদ্ধার করা আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক আইনজীবী আরিয়েল রেককে নিয়োগ দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারায় উরুগুয়ে। তবে গ্রুপে বেশি গোল করায় তাদের পেছনে ফেলে শেষ ষোলোয় জায়গা করে নেয় দক্ষিণ কোরিয়া।
ঘানা ম্যাচের শেষ বাঁশি বাজতেই রেফারিকে ঘিরে ধরেন উরুগুয়ের খেলোয়াড়রা। এজন্য গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা, ডিফেন্ডার হোসে লুইস রদ্রিগেস, দিয়েগো গদিন ও ফরোয়ার্ড এদিনসন কাভানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা।
এছাড়া ফেয়ার-প্লে নিয়মের সম্ভাব্য লঙ্ঘনের জন্য এইউএফের বিরুদ্ধেও পৃথক তদন্ত করছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
এই দুটি ব্যাপারে আইনি সহায়তার জন্য উরুগুয়ে বেছে নিয়েছে রেককে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে আগেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।
মেসির হয়েও কাজ করেছেন রেক। ২০১৭ সালে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে রেফারিকে অপমান করায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আর্জেন্টাইন মহাতারকাকে। আইনি লড়াইয়ে জিতে মেসির সেই নিষেধাজ্ঞার রায় বাতিল করান রেক।
ফিফার দুটি তদন্তে নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য এইউএফের হাতে ১০ দিন সময় রয়েছে। দোষী সাব্যস্ত হলে সতর্কতা থেকে শুরু করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অন্যান্য শাস্তি হতে পারে এইউএফ ও খেলোয়াড়দের।
