বিশ্বকাপে ঘানা-দক্ষিণ কোরিয়ার প্রথম দেখা
বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার সেরা সাফল্য ২০০২ আসরে সেমি-ফাইনালে খেলা।
বিশ্বকাপে এশিয়ার সবচেয়ে সফল দল দক্ষিণ কোরিয়া খেলছে ১১ বার। 'এইচ' গ্রপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করা দলটির সামনে এবার ঘানা। আফ্রিকার দলটি আসর শুরু করেছে পর্তুগালের বিপক্ষে ৩-২ গোলে হেরে।
আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ৭টায় মুখোমুখি হবে ঘানা-দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপে এর আগে কখনও একে অন্যের বিপক্ষে খেলেনি দল দুটি।
দুই দলের লড়াইয়ের আগে আরও কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো।
* ২০০২ বিশ্বকাপে সহ-আয়োজক দক্ষিণ কোরিয়ার খেলেছিল সেমি-ফাইনালে। বিশ্ব সেরার মঞ্চে এখন পর্যন্ত এশিয়ার কোনো দলের এটিই সেরা সাফল্য। বিশ্বকাপে আফ্রিকার তিনটি দলের কীর্তি রয়েছে কোয়ার্টার-ফাইনাল খেলার। ২০১০ আসরে ঘানাও তা করে দেখায়।
* এশিয়া থেকে সবচেয়ে বেশি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে দক্ষিণ কোরিয়া (এবারসহ ১১)। বৈশ্বিক আসরে তারা প্রথম খেলেছিল ১৯৫৪ সালে। ১৯৮৬ সাল থেকে বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছে দক্ষিণ কোরিয়া।
* বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার আফ্রিকান দলের মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া। ২০০৬ সালে টোগোকে হারানোর পর ২০১০ আসরে ড্র করে নাইজেরিয়ার সঙ্গে, আর ২০১৪ বিশ্বকাপে হেরে যায় আলজেরিয়ার কাছে। বিশ্ব সেরার মঞ্চে একবারই এশিয়ান অঞ্চলের দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে ঘানার৷ ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।
* ঘানা প্রথমবার বিশ্বকাপে খেলে ২০০৬ আসরে। এবারসহ চতুর্থবার খেলছে তারা। বিশ্বকাপে প্রথম খেলার আগে দলটি চারটি আফ্রিকান নেশন্স কাপ জিতেছিল।
* দুই দল একে অন্যের বিপক্ষে খেলেছে সাত বার, সবগুলোই প্রীতি ম্যাচ। চারটি ম্যাচ জিতেছে ঘানা, তিনটি দক্ষিণ কোরিয়া।
* দুই দলের প্রথম সাক্ষাৎ ১৯৮২ সালে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে। সবশেষ লড়াই হয়েছিল যুক্তরাষ্ট্রে, ২০১৪ সালে। ওই ম্যাচে ৪-০ গোলে জিতেছিল ঘানা।
