২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা দেল রের শেষ ষোলোয় মুখোমুখি রেয়াল-আতলেতিকো

কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনা অবশ্য সহজ প্রতিপক্ষ পেয়েছে, তারা খেলবে তৃতীয় সারির দল ইউনিয়স্তাসের বিপক্ষে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2024, 12:50 AM

Updated : 09 Jan 2024, 12:50 AM

কোপা দেল রের শিরোপা ধরে রাখার অভিযানে শেষ ষোলোতেই কঠিন প্রতিপক্ষ পেয়েছে রেয়াল মাদ্রিদ। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।

টুর্নামেন্টের রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা অবশ্য সহজ প্রতিপক্ষ পেয়েছে। এই ধাপে তারা খেলবে স্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির দল ইউনিয়স্তাসের বিপক্ষে।

মাদ্রিদে সোমবার প্রতিযোগিতাটির শেষ ষোলো পর্বের ড্র অনুষ্ঠিত হয়।

চলতি মৌসুমে অবশ্য দারুণ ছন্দে আছে রেয়াল। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে উঠেছে নকআউট পর্বে। আর লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে আছে তারা।

এবার ঘরোয়া লিগে এ পর্যন্ত ১৯ ম্যাচ খেলে কেবল একটিতে হেরেছে কার্লো আনচেলত্তির দল। আর সেই একমাত্র হারটাই এসেছে আতলেতিকোর বিপক্ষে। সেপ্টেম্বরে তাদের মাঠে ৩-১ গোলে হেরেছিল রেয়াল।

আসছে স্প্যানিশ সুপার কাপেও তাদের প্রথম প্রতিপক্ষ আতলেতিকো। আগামী মঙ্গলবার সেমি-ফাইনালে লড়বে মাদ্রিদের এই দুই দল।

আর আগামী সপ্তাহে কোপা দেল রের শেষ ষোলোয় মুখোমুখি হবে তারা।

বার্সেলোনার জন্য অবশ্য তেমন দুর্ভাবনার কিছু নেই। গত বছরের শেষ দিকে দলটির পারফরম্যান্সে অধারাবাহিকতা ছাপ থাকলেও ইতোমধ্যে তা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছে তারা। লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে তারা একটু পিছিয়ে পড়লেও, লড়াইয়ে ঠিকই আছে।

চরম কোনো নাটকীয়তা না হলে দুর্বল ইউনিয়স্তাসের বাধা সহজেই উৎড়ে যাওয়ার কথা তাদের।

এবারের লা লিগায় চমক হয়ে আসা জিরোনা খেলবে লিগের আরেক দল রায়ো ভাইয়েকানোর বিপক্ষে।

কোপা দেল রের শেষ ষোলোয় মুখোমুখি যারা:

ইউনিয়স্তাস-বার্সেলোনা

তেনেরিফে-মায়োর্কা

গেতাফে-সেভিয়া

ওসাসুনা-রেয়াল সোসিয়েদাদ

ভালেন্সিয়া-সেল্তা ভিগো

আথলেতিক বিলবাও-আলাভেস

আতলেতিকো মাদ্রিদ-রেয়াল মাদ্রিদ

জিরোনা-রায়ো ভাইয়েকানো