শাভির চোখে রেয়াল মাদ্রিদ ‘সুপারটিম’
অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীরা দুর্দান্ত ফর্মে থাকলেও তাদেরকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সেলোনা কোচ।
স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে দারুণ আশাবাদী বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস। একই সঙ্গে তিনি ভীষণ সতর্কও। কারণটাও পরিষ্কার; একে তো প্রতিপক্ষ রেয়াল মাদ্রিদ, তারওপর মাদ্রিদের দলটি আছেও দুর্দান্ত ফর্মে।
সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে গত বুধবার প্রথম সেমি-ফাইনালে দুবার পিছিয়ে পড়েও আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। পরদিন একই মাঠে দ্বিতীয় সেমি-ফাইনালে ওসাসুনার বিপক্ষে ২-০ গোলে জেতে বার্সেলোনা।
টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির শিরোপা মঞ্চে ক্লাসিকোর লড়াই উপভোগ করতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। গত জানুয়ারির ফাইনালে রেয়ালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছিল বার্সেলোনা।
তবে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে, এবারের লড়াই ভিন্ন কিছুর আভাস দিচ্ছে। শাভিও বলছেন, প্রতিপক্ষ এবার অনেক শক্তিশালী।
“রেয়াল মাদ্রিদ গতবারের চেয়ে ভালো দল। তারা এখন সুপারটিম। তবে আমরা চেষ্টা করব তাদের ওপর আধিপত্য করার… আমরা নিজেদের খুব একটা বদলাব না, আমরা ভালো করতে অনুপ্রাণিত।”
শাভি মনে করিয়ে দিলেন গতবারের ফাইনালের কথা, একই সঙ্গে খেলোয়াড়দের দিলেন বার্তা।
“রেয়াল মাদ্রিদের বিপক্ষে আমাদের লড়াইয়ের ধরন এবং আমাদের ফুটবল কৌশলের কারণে আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। গত বছর এখানে আমরা তা করতে সক্ষম হয়েছিলাম এবং এই মৌসুমের শুরুর দিকের ক্লাসিকোয়ও ৬০ মিনিট পর্যন্ত আমরা (আধিপত্য করেছিলাম)।”
“ওইভাবেই ম্যাচটা এগিয়ে নিতে হবে, আধিপত্য করতে হবে এবং তাদের থেকে নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে। আগের সবসময়ের চেয়ে খেলায় আমাদের ডিএনএ-কে ফুটিয়ে তুলতে হবে। আমরা এখন অনেক বেশি অনুপ্রাণিত এবং সময়টা এখন আমাদের দারুণ পারফরম্যান্স দেখানোর।”
এবারের লা লিগায় গত অক্টোবরে ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেও অনেকটা সময় ওই ব্যবধান ধরে রাখে তারা। তবে, ৬৮তম মিনিটে জুড বেলিংহ্যাম সমতা টানার পর শেষ দিকে তার দ্বিতীয় গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রেয়াল।
সেই সেপ্টেম্বরে আতলেতিকোর মাঠে লিগ ম্যাচে হারের পর থেকে দারুণ ছন্দে এগিয়ে চলেছে রেয়াল। মৌসুমে এখন পর্যন্ত আর কোনো ম্যাচে হারেনি তারা। বার্সেলোনার সাম্প্রতিক অভিজ্ঞতা অবশ্য তেমন সুখকর নয়। লা লিগার শিরোপা লড়াইয়েও তারা কিছুটা পিছিয়ে পড়েছে।
তবে এজন্য আসছে ফাইনালে নিজেদের পিছিয়ে রাখতে চান না শাভি। তার মতে, সম্ভাবনার পাল্লা সমানে-সমান।
“যাই হোক, (ফাইনালে) কোনো ফেভারিট নেই, এটা ক্লাসিকো। আশা করি, গত বছরের মতো এবারও ফাইনালের ফল আমাদের পক্ষে আসবে। আমরা বর্তমান চ্যাম্পিয়ন এবং অন্তত আমরা সেটা উপভোগ করব।”
