২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরো বাছাইয়ে ডে ব্রুইনেকে পাচ্ছে না বেলজিয়াম

ম্যানচেস্টার সিটি তারকা জানিয়েছেন, চোটের ঝুঁকি নিয়েই গত দুই মাস খেলা চালিয়ে গেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 09:12 PM

Updated : 11 Jun 2023, 10:20 PM

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বেলজিয়ামের আসছে ম্যাচগুলোয় নিশ্চিতভাবেই খেলতে পারবেন না কেভিন ডে ব্রুইনে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পাওয়া চোটের কারণে হয়তো লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই মিডফিল্ডারকে।

ইন্টার মিলানের বিপক্ষে শনিবারের ফাইনালে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন ডে ব্রুইনে। রদ্রির একমাত্র গোলের জয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার আনন্দে ভাসে তার দল ম্যানচেস্টার সিটি। 

তবে ডে ব্রুইনের ওই উচ্ছ্বাসের মাঝেই লুকিয়ে আছে একটা হতাশা। তার চোটের ধরন বুঝতে এই সপ্তাহে একটি স্ক্যান করা হবে। তবে তিনি যে ২০২৪ ইউরো বাছাইয়ে অস্ট্রিয়া ও এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ দুটি মিস করবেন, তা নিশ্চিত।

চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার ও এফএ কাপ জিতেছে সিটি। চোট সমস্যা তার আগেও ছিল, এমনকি শঙ্কা ছিল বড় ধরনের সমস্যায় পড়ার। তাতে কিছু ম্যাচ মিস করলেও গুরুত্বপূর্ণ সব লড়াইয়ে ঠিকই খেলেন ডে ব্রুইনে, দারুণ ছন্দেও ছিলেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। 

ইন্টার ম্যাচের পর ডে ব্রুইনে বলেছেন, বড় চোটে পড়ার শঙ্কা আছে জেনেও তিনি খেলা চালিয়ে গেছেন।

“আমাকে গত দুই মাস ধরে বলা হচ্ছিল যে, আমি চোটের ঝুঁকিতে আছি। কিন্তু এই অবস্থায় যে কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করবে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে (শেষ আটের দ্বিতীয় লেগ) ম্যাচের পর থেকে আমি চোটের সঙ্গে লড়াই করছি।”

“এজন্য আমি বেশ কিছু ম্যাচ মিস করেছি, তবে আগে সব ছিল ছোটখাটো আঘাত, কিন্তু আজ (ফাইনালে) … আমি আর খেলা চালিয়ে যেতে পারলাম না। অবশ্যই আমি কিছু ম্যাচ মিস করেছি, কিন্তু (প্রিমিয়ার লিগে) আর্সেনাল, (চ্যাম্পিয়ন্স লিগে) বায়ার্ন ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচগুলো আমি খেলতে পেরেছি।”

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলেছেন ডে ব্রুইনে। অস্ট্রিয়ার বিপক্ষে হতে পারত তার শততম ম্যাচ। আপাতত মাইলফলকটি ছোঁয়া হচ্ছে না বলে হতাশ বেলজিয়ামের অধিনায়ক।

“আমি সম্ভবত এই সপ্তাহে স্ক্যান করাব। আমি শতভাগ নিশ্চিত যে, জাতীয় দলের আসছে ম্যাচগুলোয় খেলতে পারব না। এটা হতাশার, কারণ আমি (বেলজিয়ামের হয়ে) ১০০তম ম্যাচ খেলতে পারতাম।”

অস্ট্রিয়ার বিপক্ষে আগামী ১৮ জুন মাঠে নামবে বেলজিয়াম। তিন দিন পর তাদের প্রতিপক্ষ এস্তোনিয়া।