চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর গুয়ার্দিওলা ‘ক্লান্ত, প্রশান্ত, তৃপ্ত’
দুটি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জয়ের অনন্য কীর্তি গড়ে তিনি বললেন, ম্যান সিটির এই সাফল্য ভাগ্যেই লেখা ছিল।
পেপ গুয়ার্দিওলাকে দেখেই পড়ে ফেলা যাচ্ছিল তার হৃদয়টা। ভেতরের উচ্ছ্বাস যে ফুটে উঠছিল শরীরী ভাষাতেই! ম্যাচ শেষে দলের প্রতিটি ফুটবলারকে আলিঙ্গনে জড়ান তিনি। বাদ যাননি কোচিং স্টাফের কেউ ও মাঠে থাকা ক্লাব কর্মকর্তারাও। তার হাসি, তার প্রতিটি পদক্ষেপেই মিশে ছিল গৌরবের বার্তা। লম্বা মৌসুমে সব লক্ষ্য পূরণ হওয়ার পর ম্যানচেস্টার সিটি কোচ বললেন ক্লান্তির কথা, শোনালেন গর্ব আর সন্তুষ্টির কথাও।
ইউরোপিয়ান অপূর্ণতার অবসান ঘটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা সাফল্যে নিজেদের রাঙাতে পেরেছে ম্যানচেস্টার সিটি। ফাইনালে শনিবার ইন্টার মিলানকে হারিয়েছে তারা রদ্রির গোলে।
ক্লাবের সুদীর্ঘ ইতিহাসে প্রথমবার ইউরোপ সেরা হতে পারল তারা। গুয়ার্দিওলার একটি অপেক্ষার আনন্দময় সমাপ্তিও হলো। বার্সেলোনার হয়ে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ তিনি পেয়েছেন অনেক আগেই। তবে ম্যানচেস্টার সিটি তাকে কোচ করে এনেছিল তো মূলত এই শিরোপা জয়ের আশাতেই।
প্রিমিয়ার লিগে একের পর এক শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ তাদের অধরাই রয়ে যাচ্ছিল। অবশেষে সেই প্রতীক্ষা শেষ হলো।
তাতে আরও একবার ইতিহাসে নাম লেখা হয়ে গেল গুয়ার্দিওলার। প্রথম কোচ হিসেবে তিনি দুটি ভিন্ন ক্লাবের হয়ে ‘ট্রেবল’ জয়ের কীর্তি গড়লেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের আগে এবার তার কোচিংয়ে সিটি জিতেছে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ। ২০০৮-০৯ মৌসুমে তার কোচিংয়েই বার্সেলোনা জিতেছিল লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ।
ইংল্যান্ডে এই কৃতিত্ব আগে দেখাতে পেরেছিল কেবল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৯৯ সালে ‘ট্রেবল’ জয়ী সেই দলের কোচ ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। গৌরবদীপ্ত কোচিং ক্যারিয়ারে ৩৮টি ট্রফি জিতেছেন এই কিংবদন্তি। গুয়ার্দিওলার ট্রফি হলো এখন ৩৫টি। তবে ‘ট্রেবল’ জয়ী কোচ হিসেবে ফার্গুসনকে স্পর্শ করতে পেরেই উচ্ছ্বসিত গুয়ার্দিওলা।
“অ্যালেক্স ফার্গুসনের পাশে থাকতে পারা আমার জন্য বড় সম্মান। আজকে সকালে তার কাছ থেকে ম্যাসেজও পেয়েছি আমি, যা আমাকে প্রবলভাবে ছুঁয়ে গেছে। তার কাছ থেকে শুভেচ্ছা পাওয়াটা ছিল দারুণ।”
ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের বেশির ভাগ সময় আর্সেনালের পেছনে পড়ে থাকলেও শেষ পর্যন্ত দুর্দাপ্ত দাপটে ঘুরে দাঁড়িয়ে পরিষ্কার ব্যবধানে শিরোপা জিতে নেয় সিটি। মৌসুমের শেষ ভাগে তারা ছিল অপ্রতিরোধ্য। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে সবশেষ ২৭ ম্যাচে তাদের হার ছিল স্রেফ একটি।
তবে ফাইনালে তাদের কঠিন পরীক্ষা নেয় ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটি রক্ষণে দারুণ আঁটসাঁট ছিল তো বটেই, দারুণ কিছু আক্রমণও করে। কিন্তু গোল আদায় করতে পারেনি ফরোয়ার্ডদের ব্যর্থতায় আর ম্যান সিটি গোলকিপারের দুর্দান্ত পারফরম্যান্সে। শেষ পর্যন্ত ৬৮তম মিনিটে রদ্রির গোল গড়ে দেয় ব্যবধান।
জয়ের পর আবেগময় কণ্ঠে গুয়ার্দিওলা বললেন, এই সাফল্য তাদের অবধারিতই ছিল।
“(এখন আমি) ক্লান্ত। প্রশান্ত। তৃপ্ত। এই শিরোপা জেতা এত কঠিন…!”
“ইন্টার সত্যিই ভালো দল। মাঝবিরতিতে আমি বলেছিলাম, ধৈর্য ধরতে হবে। আজকে আমরা সেরা চেহারায় ছিলাম না। ভাগ্যকেও পাশে পাওয়া জরুরি ছিল। এই টুর্নামেন্ট অনেকটা মুদ্রা নিক্ষেপের মতো। আমাদের সাফল্যও ভাগ্যেই লেখা ছিল। এটা আমাদেরই প্রাপ্য ছিল।”
সামনের মৌসুমে তাদের হাতছানি থাকবে প্রিমিয়ার লিগে টানা চতুর্থ শিরোপার। তাদের স্কোয়াডের যে গভীরতা, সঙ্গে গুয়ার্দিওলার মতো সর্বজয়ী কোচ, তাতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়েও হয়তো ফেভারিট থাকবে তারাই।
তবে পরের মৌসুমের কথা এখনই ভাবতে চান না গুয়ার্দিওলা। লম্বা মৌসুম শেষে আপাতত তার ভাবনায় শুধুই বিশ্রাম। ফুটবলারদের অবশ্য এই স্বস্তি নেই। ক্লাব মৌসুম শেষে সামনেই জাতীয় দলের হয়ে খেলতে হবে তাদের বিভিন্ন বাছাইয়ের লড়াইয়ে কিংবা প্রীতি ম্যাচে। ফুটবল প্রশাসকদের তাই এই জায়গাটি নিয়ে ভাবার অনুরোধ করলেন ম্যানচেস্টার সিটি কোচ।
"পরের মৌসুম নিয়ে কথা বলার মতো শক্তি আমার অবশিষ্ট নেই। এখন এটা অসম্ভব। আমাদের বিরতি দরকার, অনেক লম্বা ছিল (মৌসুম)।"
"এখন আমাদের ফুটবলাদের সামনে আন্তর্জাতিক ম্যাচ আছে। উয়েফা ও ফিফা, দয়া করে এটা নিয়ে ভাবুন। মাত্রই দুই-তিন সপ্তাহ আগে শেষ হয়েছে প্রিমিয়ার লিগ, ওদেরকে এখনই ফিরে আসতে হবে। এটা প্রচণ্ড বাড়াবাড়ি।"
