২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কিংসের সঙ্গে আরও এক মৌসুম ব্রুসন

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়ে ওঠার প্লে-অফের প্রস্তুতি সোমবার থেকে শুরু করবে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 02:30 PM

Updated : 24 Jul 2023, 02:30 PM

টানা চারবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস অস্কার ব্রুসনের হাত ধরে গড়া। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ট্রফিও এসেছে তার সময়ে। অল্প সময়ের মধ্যে মুঠোভরে সাফল্য এনে দেওয়া এই কোচের ওপরই আস্থা বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের। আগামী মৌসুমেও এই স্প্যানিশ কোচের কাঁধে থাকছে কিংসকে এগিয়ে নেওয়ার ভার। 

২০১৮ সালে কিংসের হাল ধরেন ব্রুসন। ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালন বাদে পুরোটা সময় ছিলেন কিংসের ডাগআউটে। এরই মধ্যে চারটি লিগ শিরোপা, দুটি ফেডারেশন কাপ ও একটি স্বাধীনতা কাপ জয়ের স্বাদ পেয়েছেন দলটির হয়ে। 

আগামী অগাস্টে নতুন মিশনে নামবে কিংস। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে তারা খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়ে ওঠার প্লে-অফে। এ উপলক্ষে সোমবার প্রস্তুতি শুরু করবে দলটি। দুপুরেই নিজের ফেইসবুকে চুক্তি নবায়নে সম্মত হওয়ার কথা জানান ব্রুসন।

“পাঁচ মৌসুম নিয়মিত সাফল্য পাওয়ার পর আনন্দচিত্তে জানাতে চাইছি, আরও এক মৌসুমের জন্য বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছি আমি। ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক ফলসহ ধারাবাহিকভাবে এগিয়ে চলাটা কিংসকে এশিয়ার সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমে খেলা সুযোগ এনে দিয়েছে, যেটা বাংলাদেশের ফুটবলকে বড় স্বপ্ন দেখার পথ করে দিবে।” 

“এই কৃতিত্বের জন্য আমি কোচিং প্যানেলকে পুরো কৃতিত্ব দিতে চাই। ক্লাবের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে নিজেদের সামর্থ্যের প্রতি আস্থা ও বিশ্বাস আছে আমাদের। এখানে যে সম্পর্ক তৈরি করেছি, সেটাকে আমি গুরুত্ব দেই; ক্লাবকে আরও উঁচুতে নেওয়া এবং সাফল্য ভাগাভাগি করতে উন্মুখ হয়ে আছি।” 

কিংসের ম্যাচ মানে গ্যালারিতে লাল জার্সিতে সমর্থকদের বিপুল উপস্থিতি। দল অন্তপ্রাণ সমর্থকদের সামনের পথচলায় পাশে থাকার আহ্বানও জানিয়েছেন ব্রুসন। 

“সবসময় পাশে থাকা এবং আমাদের এই সুন্দর প্রকল্পের উপর আস্থা রাখার জন্য সমর্থকদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের উষ্ণ সমর্থন, খেলাটির প্রতি আবেগ এবং আমাদের সামর্থ্যের প্রতি আস্থা রাখার জন্য আবারও ধন্যবাদ।” 

আগামী ১৫ অগাস্ট প্লে-অফে দুবাইয়ের দল শারজাহ ফুটবল ক্লাবের মুখোমুখি হবে কিংস। এ ম্যাচ জিতলে মূল বাছাইয়ে খেলার সুযোগ পাবে ব্রুসনের দল