ফেডারেশন কাপে দারুণ শুরু কিংস ও মোহামেডানের
বসুন্ধরা কিংসের বড় জয়ে জোড়া গোল উপহার দিয়েছেন সাব্বির হোসেন।
দাপুটে জয় দিয়ে ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার পথে যাত্রা শুরু করল বসুন্ধরা কিংস। একই দিনে ট্রফি পুনরুদ্ধারের অভিযান মোহামেডান স্পোর্টিং ক্লাব শুরু করেছে অনায়াস জয় দিয়ে।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কিংস। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরুটা নড়বড়ে হলেও, শেষ পর্যন্ত আরামবাগকে ক্রীড়া সংঘকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান।
দিনের আরেক ম্যাচে, মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ১-১ ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ পুলিশ এফসি ও সিটি ক্লাব ঢাকা।
লিগের শুরুটা ড্র দিয়ে হলেও, ফেডারেশন কাপে এসে নিজেদের ফিরে পেল কিংস। সাব্বির-রবসন দি সিলভা রবিনিয়োরা আধিপত্য করলেও, গোলকিপারের দৃঢ়তায় প্রথমার্ধে জালের দেখা পায়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের লক্ষ্যভেদে খোলে ম্যাচের ডেডলক।
এরপর আর ঢাকা ওয়ান্ডারার্স পারেনি কিংসের গোলের স্রোত আটকাতে। এগিয়ে যাওয়ার রেশ থাকতেই আলমগীর হোসেন মোল্লা ব্যবধান দ্বিগুণ করেন। ৬২তম মিনিটে ব্যবধান আরও বাড়ান মোহাম্মদ আব্দুল্লাহ। শেষ দিকে সাব্বির হোসেনের জোড়া গোলে বড় জয় নিশ্চিত হয় কিংসের।
অন্যদিকে, আরামবাগের বিপক্ষে ষোড়শ মিনিটে ঘানার মিডফিল্ডার সুরাজ রাইয়িসের গোলে পিছিয়ে পড়ে মোহামেডান।
পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া প্রতিযোগিতার ১১বারের চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়।
৫৭তম মিনিটে সৌরভ দেওয়ান সমতা ফেরানোর পর, ৭৪তম মিনিটে মোহাম্মদ সোহেল রানা এগিয়ে নেন মোহামেডানকে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের গোলে জয় নিশ্চিত হয় সবশেষ ২০২৩ সালে এই শিরোপা জেতা মোহামেডানের।
গ্রুপ পর্বের প্রথম রাউন্ডে জয় পেয়েছে কেবল কিংস ও মোহামেডান। ‘এ’ ও ‘বি’ গ্রুপ মিলিয়ে বাকি চার ম্যাচই হয়েছে ড্র।
