২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

মোরসালিন ও আল আমিনের নৈপুণ্যে আবাহনীর জয়

শেখ মোরসালিনের দৃষ্টিনন্দন গোলের পর, ব্যবধান দ্বিগুণ করেন আল আমিন।

মোরসালিন ও আল আমিনের নৈপুণ্যে আবাহনীর জয়

ছবি: আবাহনীর ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 05:18 PM

Updated : 24 Nov 2026, 05:18 PM

সাফ চ্যাম্পিয়নশিপের বিরতির পর ফের মাঠে গড়াল ঘরোয়া ফুটবল। সাফে নিয়মিত খেলার সুযোগ না পাওয়া শেখ মোরসালিন উপহার দিলেন দৃষ্টিনন্দন এক গোল। জালের দেখা পেলেন আল আমিনও। ফেডারেশন কাপে প্রথম জয় পেল আবাহনী।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ ব্যবধানে হারায় আবাহনী। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

চট্টগ্রাম সিটির বিপক্ষে ১-১ ড্রয়ে যাত্রা শুরু করা আবাহনীর পয়েন্ট হলো ৪। সমান পয়েন্ট ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিস এফসির। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে চট্টগ্রাম সিটি।

মুন্সিগঞ্জে ম্যাচের ৫২তম মিনিটে এগিয়ে যায় আবাহনী। মাইকেল বাবাতুন্দের পাস ডি-বক্সের অনেকটা বাইরে পেয়ে জায়গা করে, শরীরটা ঘুরিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড মোরসালিন। বল পোস্টের ভেতরের দিক স্পর্শ করে জালে জড়ানোর আগে কিছু বুঝে উঠতেই পারেননি গোলকিপার।

একটু পর মিরাজুল ইসলাম জালে বল পাঠালেও অফসাইডের কারণে হয়নি গোল।

৮৪তম মিনিটে বিপদে পড়তে বসেছিল আবাহনী। মাঝমাঠে আব্দুল ফাহিম রিয়াদের হারানো বলের নাগাল পেতে ছুটতে থাকেন বেন ইব্রাহিম। তবে ফকিরেরপুলের এই ফরোয়ার্ড পৌঁছানোর আগেই দারুণ ক্ষিপ্রতায় পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ক্লিয়ার করেন গোলকিপার মাহফুজ হাসান প্রীতম।

একটু পরই ইমন মিয়ার ভুল পাসে পাওয়া বল মইন আহমেদ হেডে বাড়িয়ে দেন আল আমিনের উদ্দেশে। বল বুক দিয়ে নামিয়ে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

এদিনই ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে পাঁচ বছর পর, জাতীয় স্টেডিয়ামে ফিরল ঘরোয়া ফুটবল। সবশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এ মাঠে।

বিশেষ উপলক্ষের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরিক বিস্তা ফর্টিসকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন পা ওমার বাবু। এরপর স্তেফান চুকউদের গোলে প্রথম জয় নিশ্চিত হয় ফর্টিসের।

গ্রুপের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি। ৮৮তম মিনিট জয়সূচক গোলটি করেন জাফর ইকবাল।