২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

আরও অন্তত সাড়ে ৬ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই তৃতীয়াংশই রোহিঙ্গা।

আরও অন্তত সাড়ে ৬ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু হিসেবে পরিচিত। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 05:23 PM

Updated : 24 Nov 2026, 05:22 PM

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, প্রত্যাবাসন প্রক্রিয়ার আওতায় আরেক দফায় মালয়েশিয়া ৬৫০০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠাবে।

দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যা চালিয়েছে বলে রায় দেওয়ার পাঁচ দিন পর মঙ্গলবার এই ঘোষণা এল।

মালয়েশিয়া ঐতিহাসিকভাবে মিয়ানমার থেকে নির্বাসিতদের নিরাপদ আশ্রয় দিয়ে এলেও বিপুল সংখ্যক শরণার্থীর চাপে ক্রমেই বিরক্ত হয়ে উঠেছে। দেশটির বক্তব্য অনুযায়ী, এই শরণার্থীদের আশ্রয় দেওয়া এখন আর্থিক বোঝা ও নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে।

গত সেপ্টেম্বরের শেষের দিকে এক অস্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়া প্রায় ১৫০০ অভিবাসীকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফেরত পাঠিয়েছিল, যা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো তখন উদ্বেগ প্রকাশ করেছিল।

মঙ্গলবার মালয়েশিয়ার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় আনোয়ার জানান, আগামী ৬ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে নৌবাহিনীর তিনটি জাহাজে করে মিয়ানমারের ১৫০০ নাগরিককে ফেরত পাঠানো হবে।

তিনি বলেন, "ডিসেম্বরে মিয়ানমার সরকারের খরচে উড়োজাহাজে করে আরও ৫৩০৩ জনকে ফিরিয়ে নেওয়া হবে।"

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী, আগস্ট মাস পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০ জন, যাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমার থেকে আসা।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত গত সপ্তাহে দেওয়া রায়ে বলেছে, মিয়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই দেশের অভ্যন্তরে বা বিদেশে বাস্তুচ্যুত শরণার্থীদের ‘নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুমতি দিতে হবে এবং তা সহজতর করতে হবে’।

মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা সত্ত্বেও গত মাসে মালয়েশিয়া মিয়ানমারের সাবেক জান্তাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আতিথেয়তা দিয়েছে। সমালোচকদের মতে, এই পদক্ষেপ মিয়ানমার সরকারকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করেছে এবং ফেরত পাঠানো শরণার্থীদের বিপদের মুখে ফেলেছে।

আনোয়ার বলেন, মিয়ানমারের নেতার সঙ্গে তার এই আলোচনা মালয়েশিয়ার স্বার্থ রক্ষার প্রচেষ্টার অংশ এবং এটি আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের সাথে সংগতিপূর্ণ, যে রায়ে নিপীড়নের মুখে পালিয়ে আসা মানুষদের জন্য ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার’ কথা বলা হয়েছে।

আনোয়ার স্বীকার করেন যে, মালয়েশিয়ায় থাকা অনেক আশ্রয়প্রার্থীই ‘মিয়ানমারের শাসকগোষ্ঠীর চালানো নৃশংসতার শিকার’। তারপরও তিনি জানান, মালয়েশিয়ার পক্ষে আর শরণার্থীদের ভার বহন করা সম্ভব নয় আর তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসনের আশাও সফল হয়নি।

গত মাসের শেষের দিকে মালয়েশিয়া জানিয়েছিল, সম্প্রতি মিয়ানমারে ফেরত পাঠানো শত শত অভিবাসীকে সামরিক হেফাজতে আটকে রাখা হয়েছে বলে যে খবর বেরিয়েছে, সে বিষয়ে তারা মিয়ানমারের কাছে ব্যাখ্যা চাইবে।

আনোয়ার সেই ব্যাখ্যা চাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও বলেন, রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে মালয়েশিয়া তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে, যা আইসিজের রায়েও জোরালোভাবে উঠে এসেছে।

জাতিসংঘের মতে, ‘বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু’ হিসেবে পরিচিত প্রধানত মুসলিম এই রোহিঙ্গারা মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই তৃতীয়াংশ।