২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগা জিতে বার্সায় স্থিতিশীলতা আনতে চান শাভি

চলতি মৌসুমে সম্ভাব্য সব শিরোপার জন্য লড়তে চান কাতালান ক্লাবটির কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 07:02 PM

Updated : 21 Dec 2022, 07:02 PM

শিরোপহীন মৌসুমের পর সাফল্যের খোঁজে গ্রীষ্মের দলবদলে একঝাঁক নতুন খেলোয়াড় দলে ভিড়িয়েছে বার্সেলোনা। এর ফল পাওয়া যায়নি চ্যাম্পিয়ন্স লিগে। টানা দ্বিতীয়বার বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে। তবে লা লিগায় ভালো ছন্দেই আছে তারা। শাভি এরনান্দেস কোচ মনে করছেন, লিগ শিরোপা শিরোপা জিততে পারলে সেটি ক্লাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।

গত তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একটি শিরোপা জিতেছে বার্সেলোনা, রোনাল্ড কুমানের কোচিংয়ে ২০২১ সালে কোপা দেল রে। ইউরোপ সেরার মঞ্চ থেকে গ্রুপ পর্বে বাদ পরে টানা দ্বিতীয়বারের মতো নেমে যেতে হয়েছে ইউরোপা লিগে।

মাঠের বাইরেও কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে বার্সেলোনাকে। আর্থিক দৈন্যতা ও লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের কারণে গত বছর তারা ধরে রাখতে পারেনি লিওনেল মেসিকে। তবে গত গ্রীষ্মে চমক দেখিয়ে একের পর এক খেলোয়াড় দলে টানে ক্লাবটি। শাভির দলে যোগ দেন রবের্ত লেভানদোভস্কি, জুল কুন্দে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনসহ আরও কয়েকজন।

চ্যাম্পিয়ন্স লিগে হতাশাজনক খেললেও লা লিগায় বিশ্বকাপ বিরতির আগে দারুণ খেলেছে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

বার্সা টিভির সঙ্গে গত মঙ্গলবার এক আলাপচারিতায় চলতি মৌসুমে বার্সেলোনার লক্ষ্য নিয়ে কথা বলেন শাভি।

“লা লিগা আমাদের অগ্রাধিকারের শীর্ষে। আমাদের জানুয়ারিতে (স্প্যানিশ) সুপারকোপা আছে, কোপা দেল রে এবং ইউরোপা লিগও আসছে, কিন্তু লিগই মৌসুমের মূল লক্ষ্য।”

“উদাহরণস্বরূপ, আমরা যদি লা লিগা জিততে পারি, এটি একটি ভালো মৌসুম হবে। আমরা যদি শুধু সুপারকোপা জিততে পারি, তার মানে আমরা ভালো করতে পারিনি। আমরা সবকিছুই জিততে চাই, তবে লা লিগা ক্লাব ও এর প্রজেক্টকে স্থিতিশীলতা এনে দেবে।”

বিশ্বকাপ বিরতির পর আগামী ৩১ ডিসেম্বর এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বার্সেলোনা।