২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীকে হারিয়ে কিংসের শিরোপা উৎসব

প্রথমার্ধে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর করা গোলটিই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 08:34 PM

Updated : 14 Jul 2023, 09:24 PM

লিগ শিরোপা নিশ্চিত হয়েছিল অনেক আগে। ট্রফি উঁচিয়ে ধরা বাকি ছিল বসুন্ধরা কিংসের। আবাহনীর বিপক্ষে দারুণ জয়ে সেই উপলক্ষটা রাঙাল প্রতিযোগিতার চারবারের চ্যাম্পিয়নরা। 

প্রিমিয়ার লিগে শুক্রবার যথারীতি লাল জার্সির ঢেউ বয়ে গেল কিংস অ্যারেনায়, লাল রঙের ধোয়া উড়ল, ফুটল আতশবাজি। নিজেদের শেষ ম্যাচে আবাহনীকে ১-০ গোলে হারাল অস্কার ব্রুসনের দল। 

২০ ম্যাচে ১৮ জয় এবং একটি করে ড্র ও হার নিয়ে লিগ শেষ করল কিংস। মোট ৫৫ পয়েন্ট পাওয়া দলটি একমাত্র হারের তেতো স্বাদ পেয়েছিল বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে, ১-০ গোলে। একমাত্র ড্রটি উত্তরা এফসির সঙ্গে।

২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর এর আগে কোনো দল টানা চারবার শিরোপা জিততে পারেনি। আবাহনী রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন হলেও পায়নি এ স্বাদ। অনন্য সেই কীর্তিই গড়ল কিংস। ইতিহাস লেখার গর্বের বার্তা লেখা ‘হিস্টোরি মেড’ জার্সি পরেই খেলতে নেমেছিল তারা। 

প্রতিপক্ষ আবাহনী বলেই ম্যাচটি ছিল না স্রেফ আনুষ্ঠানিকতা রক্ষার। দুই দল শুরু থেকে মেলে ধরে গতিময় ও আক্রমণাত্মক ফুটবলের পসরা। প্রথম ভালো সুযোগটি অষ্টম মিনিটে তৈরি করে কিংস। কিন্তু পায়ের কারিকুরিতে বল বের করে নেওয়া দামাশেনো তাড়াহুড়ো করে শট নিলে বল উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে।

২১তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি করে কিংস। দামাশেনোর ফ্রি কিক দারুণভাবে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন শহিদুল আলম সোহেল, কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফিরতি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন। লাল রঙের ধোঁয়া উড়িয়ে উৎসবে মেতে ওঠে কিংসের সমর্থকরা। 

আগে থেকেই লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে একাই ছিলেন দোরিয়েতলন। আসরে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোল হলো ২০টি। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুলেমানে দিয়াবাতের (১৫টি) চেয়ে ঢের এগিয়ে আছেন দোরিয়েলতন। 

সমতায় ফিরতে মরিয়া আবাহনী দ্বিতীয়ার্ধে সেরা সুযোগটি পায় ৫২তম মিনিটে। ফয়সাল আহমেদ ফাহিমের বাইলাইনের একটু উপর থেকে বাড়ানো ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি পিটার এনওরাহ। 

৭৫তম মিনিটে বক্সের একটু বাইরে থেকে দামাশেনোর শট আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি শহিদুল। পাঁচ মিনিট পর বিশ্বনাথ ঘোষের চার্জে বক্সে কলিনদ্রেস পড়ে গেলে পেনাল্টির জোরাল আবেদন করে আবাহনী, কিন্তু রেফারির সাড়া মেলেনি। ক্ষোভে ফুঁসে ওঠে আবাহনীর ডাগআউট।

গোলের আশায় শেষ দিকে দুই অভিজ্ঞ ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন ও এলিটা কিংসলেকে নামান আবাহনী কোচ মারিও লেমোস। 

৮৭তম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে দোরিয়েলতনের নেওয়া শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে যায়। তাতে আবাহনীর ঘুরে দাঁড়ানোর আশা থাকে বেঁচে।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রাহিমের ক্রসে দূরের পোস্টে ফাঁকায় থাকা কিংসলে ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে মেরে হতাশ করেন আকাশি-নীল সমর্থকদের। 

১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। লেমোসের দলের লিগে এখনও এক ম্যাচ বাকি রয়েছে। 

শুক্রবার অন্য ম্যাচে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। ৩১তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন মোজাফ্ফর মোজাফ্ফরভ। ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছে সাদা-কালো জার্সিধারীরা। লিগে এখনও একটি ম্যাচ বাকি আছে তাদের।