নিয়মিত ৮ জনকে বিশ্রামে রেখে এন্টওয়ার্প ম্যাচের ছক শাভির
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শেষ ম্যাচের জন্য একাডেমির খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন বার্সেলোনা কোচ।
চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের টিকেট নিশ্চিত হয়েছে আগেই। নির্ভার হয়ে গ্রুপের শেষ ম্যাচে রয়্যাল এন্টওয়ার্পের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। যদিও গ্রুপ সেরা হওয়ার হিসাব-নিকাশ আছে, তারপরও নিয়মিত আট খেলোয়াড়কে বিশ্রামে রেখে এই ম্যাচের ছক কষছেন বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস।
এই সিদ্ধান্ত শাভি জানান লা লিগায় জিরোনার বিপক্ষে সবশেষ ম্যাচে ৪-২ গোলে হেরে যাওয়ার পর। ওই জয়ে লিগ টেবিলে শীর্ষে উঠে গেছে জিরোনা, ৪১ পয়েন্ট নিয়ে।
৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রেয়াল মাদ্রিদ। ৩৪ করে পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ তৃতীয় ও বার্সেলোনা রয়েছে চতুর্থ স্থানে। আতলেতিকো অবশ্য কম খেলেছে এক ম্যাচ। এ অবস্থায় ভালেন্সিয়ার বিপক্ষে পরের লিগ ম্যাচটি বার্সেলোনার জন্য হয়ে উঠেছে মহাগুরুত্বপূর্ণ। মূলত এ কারণেই এন্টওয়ার্প ম্যাচে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত কোচের।
চ্যাম্পিয়ন্স লিগে ‘এইচ’ গ্রুপের টেবিলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৯ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পোর্তো ও শাখতার দোনেৎস্ক। এন্টওয়ার্প এখনও খুলতে পারেনি পয়েন্টের খাতা। বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় তাদের মুখোমুখি হবে কাতালুনিয়ার দলটি।
এন্টওয়ার্পের বিপক্ষে ম্যাচে রবের্ত লেভানদোভস্কি, ফ্রেংকি ডি ইয়ং, ইলকাই গিনদোয়ান, রোনালদ আরাউহো-এই পাঁচ জনকে বিশ্রাম দিতে চান শাভি।
এছাড়া মার্ক-আন্ড্রে টের স্টেগেন, মার্কোস আলোনসো, ইনিগো মার্তিনেস ও গাভিকে বার্সেলোনা এ ম্যাচে পাচ্ছে না চোটের কারণে। এদের জায়গা পূরণে একাডেমির আট জনকে ডেকেছেন শাভি।
তারা হলেন ডিফেন্ডার এক্তর ফোর্ত, পাউ কুবারসি, মিডফিল্ডার মার্ক কাসাদো, আলেক্সি গারিদো এবং ফরোয়ার্ড আনহেল আলারকোন ও মার্ক গিউ। এর মধ্যে গিউ গত অক্টোবরে সিনিয়র টিমের জার্সিতে অভিষেকে গোলও করেন।
গোলরক্ষক আন্দ্রের আস্ত্রালাগা ও দিয়েগো কোহেনও বেলজিয়াম সফরে দলের সঙ্গী হবেন। টের স্টেগেন চোটে পড়ার পর থেকে এই দুই গোলরক্ষক নিয়মিত দলের সঙ্গে থাকছেন।
দুই সপ্তাহ আগে পোর্তোকে হারিয়ে ২০২১ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলা নিশ্চিত করে বার্সেলোনা।
এন্টওয়ার্পের বিপক্ষে হার এড়াতে পারলেই গ্রুপ সেরা হবে বার্সেলোনা। অবশ্য হেরেও তাদের সামনে সেই সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে নির্ভর করতে হবে অন্য ম্যাচের ওপর।
