২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসিকো জিতে শাভি বললেন, শিরোপা ভাগ্য বার্সার হাতে

তবে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2023, 05:34 PM

Updated : 20 Mar 2023, 05:34 PM

কাম্প নউয়ের ক্লাসিকোকে লা লিগার শিরোপা নির্ধারক হিসেবে দেখছিলেন অনেকে। এই লড়াইয়ে জিতে রিয়াল মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। মৌসুমের বাকি সময়ে পথ না হারালে শিরোপা জিতবে তারাই। দলটির কোচ শাভি এর্নান্দেসও তাই দৃঢ় কণ্ঠে বললেন, লিগ শিরোপা জয়ের প্রশ্নে সবকিছু এখন তাদের হাতেই।

ঘরের মাঠে রোববার শুরুতে পিছিয়ে পড়েও রিয়ালকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। ২০১৯ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের খোঁজে থাকা কাতালান দলটি ২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। বাকি আর ১২ রাউন্ড।

শিরোপা ভাগ্য নিজেদের হাতে থাকলেও আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন শাভি।

“আমি মনে করি না যে, আমরা এখনই চ্যাম্পিয়ন হয়ে গেছি, তবে এই জয় (শিরোপা জয়ের পথে) বড় এক ধাপ এগিয়ে যাওয়া। আমি খুশি কারণ, ১২ ম্যাচ বাকি থাকতে ১২ পয়েন্ট এগিয়ে গিয়েছি। কিন্তু এখনই সব শেষ হয়ে যায়নি। লা লিগার শিরোপা জয়ের বিষয়টা এখন আমাদের হাতে। আমরা নির্ভার হতে পারি না। এখনও অনেক ম্যাচ বাকি আছে।”

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা তিন ম্যাচে রিয়ালকে হারাল বার্সেলোনা। সবশেষ তারা এমন কিছু করে দেখাতে পেরেছিল ২০১১-১২ মৌসুমে পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে, যিনি এবারের ক্লাসিকোয় কাম্প নউয়ের গ্যালারিতেই ছিলেন।

রোনাল্দো আরাউহোর আত্মঘাতী গোলে এ দিন শুরুতে পিছিয়ে পড়ে বার্সেলোনা। প্রথমার্ধের অন্তিম সময়ে সমতা ফেরান সের্হিও রবের্তো। তার বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ফঁক কেসিয়ে। এর খানিক আগে রিয়ালের মার্কো আসেনসিও জালে বল পাঠালেও ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

শাভির মতে, তার দল যেভাবে খেলেছে তাতে তিন পয়েন্ট তাদের প্রাপ্য ছিল।

“আমরা অনেক সুযোগ সৃষ্টি করেছি এবং ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। সব মিলিয়ে আমরা মাদ্রিদের চেয়ে শ্রেয়তর দল ছিলাম। আমরা বল পায়ে ঠিকভাবে খেলেছি এবং ম্যাচের অনেক অংশে আধিপত্য করেছি। সবশেষ ক্লাসিকোয় (দুই সপ্তাহ আগে কোপা দেল রেতে ১-০ গোলে জয়) তারা আমাদের ওপর আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু আজ পারেনি। এবার আমরা আরও ভালো ছিলাম।”