২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রাঙ্কফুর্টের দুঃখ ভুলে ইউনাইটেডকে হারানোর প্রত্যয় মুসিয়ালার

গ্রুপ পর্বে অপরাজিত থেকেই শেষ ষোলোয় খেলতে চান বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 07:10 PM

Updated : 12 Dec 2023, 07:10 PM

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে বায়ার্ন মিউনিখের সবশেষ ম্যাচের অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। তিন দিন আগে বুন্ডেসলিগায় ‘দুর্বল’ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয় শিরোপাধারীরা। ছন্দ ফিরে পেতে আসছে ম্যাচটিকেই কাজে লাগাতে চান জামাল মুসিয়ালা। বায়ার্ন ফরোয়ার্ড হুংকার দিয়েই বললেন, স্রেফ জয় ছাড়া আর কিছু ভাবছেন না তারা।

টানা দুই ম্যাচে হেরে এবং সবশেষ তিন ম্যাচে জয়শূন্য থেকে গত শনিবার মাঠে নেমেছিল ফ্রাঙ্কফুর্ট। ছন্নছাড়া এই দলের বিপক্ষেই কি-না ৫-১ গোলে ধরাশায়ী হয় বায়ার্ন! এবারের বুন্ডেসলিগায় টমাস টুখেলের দলের এটাই প্রথম হার।

বায়ার্নের হঠাৎ ছন্দপতন অবশ্য কেবল ওই ম্যাচেই হয়নি। এর দিন দশেক আগে চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা।

ইউরোপ সেরার মঞ্চে অবশ্য আগেই গ্রুপের শীর্ষে থেকে নকআউটে পর্বে খেলা নিশ্চিত করেছে বায়ার্ন। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সবার ওপরে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে ইউনাইটেডের বিপক্ষে খেলবে জার্মান চ্যাম্পিয়নরা।

বায়ার্নের জন্য ম্যাচটি যদিও কেবলই নিয়ম রক্ষার, তবে ইউনাইটেডের জন্য লড়াইটি  বাঁচা-মরার। এই ম্যাচে জিততে ব্যর্থ হলেই তারা ছিটকে যাবে গ্রুপ পর্ব থেকে। আবার জিতলেও নিশ্চিত নয় পরের ধাপে ওঠার, নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের ওপর।

বায়ার্নের তরুণ ফরোয়ার্ড মুসিয়ালা এই ম্যাচেও নিজেদের পাওয়ার অনেক কিছু দেখছেন। আগের দিন সংবাদ সম্মেলনে এই জার্মান বলেন, ম্যাচটা তাদের জন্য ছন্দে ফেরার একটা উপলক্ষ।

“ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ওই হার, আমাদের হতবাক করে দিয়েছিল। কিন্তু আমাদের মনোযোগ এখন সামনের ম্যাচে এবং এটি আমাদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ভালো একটা সুযোগ। আমরা যে দলের বিপক্ষেই খেলি না কেন, আমরা সবসময় জিততে চাই।”

“আমরা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অপরাজিত থাকার ধারা বজায় রাখতে চাই এবং ছন্দ ধরে রেখে শীতকালীন বিরতিতে যেতে চাই। তাই ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা মাঠে নামব এবং জয়ের চেষ্টা করব।”

২০০৯ সালের পর থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তারা কখনও টানা দুই ম্যাচ জয়বঞ্চিত থাকেনি।