২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের এন্দ্রিককে দলে টানছে রিয়াল

২০২৪ সালের জুলাইয়ে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেবেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2022, 10:38 PM

Updated : 29 Dec 2022, 09:55 PM

কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল গুঞ্জন। এবার এলো নিশ্চিত খবর। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে ফরোয়ার্ড এন্দ্রিক ফেলিপেকে দলে টানার ব্যাপারে সম্মত হয়েছে রিয়াল মাদ্রিদ।

দুই ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়েছে। ১৬ বছর বয়সী এন্দ্রিকের চুক্তির মেয়াদ সম্পর্কে অবশ্য কিছু উল্লেখ করা হয়নি।

২০২৪ সালের জুলাইয়ে রিয়ালে যোগ দিবেন এন্দ্রিক। কারণ, ফিফার আইনে ১৮ বছরের কম বয়সী খেলোয়াড় বিদেশি লিগে খেলতে পারবেন না। ২০২৪-এর ২১ জুলাই ১৮ বছর পূর্ণ হবে এন্দ্রিকের।

পালমেইরাসের ওয়েবসাইটে এন্দ্রিক বলেন, রিয়ালে যোগ দেওয়ার আগে খেলোয়াড় হিসেবে আরও উন্নতির চেষ্টা করবেন তিনি।

“রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগ পর্যন্ত আমি সবসময়ের মতো নিজেকে উজাড় করে দেব, যাতে পালমেইরাসকে আমি আরও বেশি দিতে পারি: আরও গোল, আরও জয়, আরও শিরোপা এবং আমাদের ভক্তদের আরও আনন্দ দেওয়ার চেষ্টা করব।”

রিয়াল জানিয়েছে, আগামী সপ্তাহে রিয়ালে গিয়ে ক্লাবের ফ্যাসিলিটিজ পরিদর্শন করবেন এন্দ্রিক।

ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোরও বয়স ১৮ বছর হওয়ার আগে তাদের দলে টানার চুক্তি সেরে ফেলেছিল মাদ্রিদের ক্লাবটি।

এন্দ্রিককে ধরা হচ্ছে ব্রাজিলের ভবিষ্যতের অনেক বড় প্রতিভা হিসেবে। এরই মধ্যে তার জানানও দিয়েছেন তিনি। পালমেইরাসের একাডেমির হয়ে ১৭৬ ম্যাচে ১৭০টি গোল করেছেন এন্দ্রিক।

২০১৭ সাল থেকে পালমেইরাসে আছেন এন্দ্রিক। মাত্র ১৬ বছর ২ মাস ১৫ দিন বছর বয়সে ক্লাবটির সিনিয়র দলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয় এই ফুটবলারের। এর এক মাসের কম সময়ের মধ্যে প্রথম গোল করেন তিনি, গড়েন ক্লাবের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড।

পালমেইরাসের ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে অনূর্ধ্ব-১১, অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ ও পেশাদার পর্যায়ে শিরোপা জয়ের কীর্তি গড়েছেন এন্দ্রিক।